ফের সিগন্যালিংয়ের সমস্যার জেরে বন্ধ মেট্রো পরিষেবা, অফিস টাইমে বৃষ্টির দিনে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

ফের মেট্রো পরিষেবাতে গণ্ডগোল। যান্ত্রিক গোলযোগের জেরে বন্ধ মেট্রো পরিষেবা। এবার সিগন্যালিংয়ের সমস্যা এসপ্ল্যানেড থেকে পার্কস্ট্রীট স্টেশনের মাঝে। আপাতত মেট্রো চলছে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত আর ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত।

মেট্রো রেলের আধিকারিক, ইঞ্জিনিয়াররা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন। কাজ শুরু করে দিয়েছেন তারা। তবে কতক্ষণে এই পরিস্থিতি ঠিক হবে আর মেট্রো চলাচল স্বাভাবিক হবে, তা এখনও নিশ্চিত করা যাচ্ছে না। বৃষ্টির জেরে এমনিতেই কলকাতার রাস্তায় গাড়ির গতি কম আর এর উপর মেট্রো বিভ্রাটের জেরে যানজটের আশঙ্কা রয়েছে।

পুজোর মুখে বারবার মেট্রো বিভ্রাট

প্রসঙ্গত, গত সপ্তাহেও যান্ত্রিক গোলযোগের কারণে থেমে যায় মেট্রো। আপ লাইনের একটি রেক আটকে গিয়েছিল। সেদিন রবীন্দ্র সদন থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ মেট্রো চলাচল বন্ধ থাকে। লাইনের কাজ চলতে থাকে। স্টেশনগুলিতে দীর্ঘক্ষণ ধরে আটকে থাকেন যাত্রীরা।

প্রবল যানজটের আশঙ্কা শহরে

সামনেই পুজো। ফলে শপিং,পুজোর প্রস্তুতির জন্য কলকাতার নানান গুরুত্বপূর্ণ রাস্তাঘাটে এমনিতেই যানজট তৈরি হচ্ছে। শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, হরিশ মুখার্জি রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, এ জে সি বসু রোড, কলেজ স্ট্রিটে ব্যাপক যানজট তৈরি হচ্ছে। আর এর উপর এভাবে বারবার মেট্রো পরিষেবায় ব্যাঘাত ঘটার কারণে যাত্রীদের দুর্ভোগের শেষ থাকছে না।

এক যাত্রীর কথায়, “এখন তো দেখছি প্রায় প্রত্যেক সপ্তাহেই নিয়ম করে মেট্রোয় সমস্যা থাকছে। একদিনে লোকাল ট্রেনের ভিড়, ট্রেন লেট। রাস্তায় জ্যাম আর মেট্রো তো মাঝেমধ্যেই চলছে না। কী পরিস্থিতি বলুন তো”। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে তারা দ্রুত এই সমস্যার সমাধানের চেষ্টা করছেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles