শিশু শিক্ষার্থীদের আঁকা পরীক্ষায় পদ্ম: নিছকই আঁকা নাকি রাজনীতির ছোঁয়া

নার্সারির শিশুদের আঁকা পরীক্ষায় বিজেপির প্রতীকে রং করতে দিয়ে বিতর্কের মুখে বেসরকারি স্কুল। খাস কলকাতার বুকে বড়বাজার এলাকার একটি স্কুলে পদ্ম ফুল আঁকাকে কেন্দ্র করে অভিভাবকদের প্রশ্নের মুখে পড়তে হয় স্কুল কর্তৃপক্ষকে।

বড়বাজারে অবস্থিত রাজস্থান বিদ্যামন্দির স্কুলে আজ পড়ুয়াদের বার্ষিক পরীক্ষার ফলপ্রকাশ হয়। তাই অভিভাবকদের নির্দেশ দেওয়া হয় পড়ুয়াদের নিয়ে স্কুলে আসতে। তবে স্কুলে গিয়ে বাচ্চাদের আঁকার খাতা দেখেই অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

কারণ, নার্সারির শিশুদের খাতায় বিজেপির প্রতীকের পদ্মফুল এঁকে তাতে তাদের রং করতে বলা হয়। এতে শিশুদের মনে পরোক্ষ ভাবে রাজনীতির প্রভাব ফেলার চেষ্টা করছে স্কুল এমনটাই মনে করছেন অভিভাবকরা।তাদের কথায়, ”বাচ্চাদের পদ্মফুল আঁকা শেখানোর জন্য বিজেপির প্রতীকের আকারে না শিখিয়ে যেকোনও রকমভাবেই পদ্মফুল আঁকানো যেতে পারত। কিন্তু বিজেপির প্রতীকের আকারে এই পদ্মফুল এঁকে তাদের রং করতে বলায় শিশুমনের ওপর চাপ পড়তে পারে। এতে আমাদের মনে হচ্ছে তারা এখন থেকেই শিশুদের মধ্যে বিজেপির প্রতীকের পরিচিতি ঘটাতে সচেষ্ট ।”

অভিভাবকদের একটি অংশ বলেন, ”এইভাবে স্কুল কর্তৃপক্ষ আমাদের ওপর পরোক্ষে একটি রাজনৈতিক মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন । এছাড়া একটি চার বছরের শিশুকে জাতীয় ফুলের সঙ্গে পরিচিত করার জন্য বিজেপির প্রতীকের সঙ্গে পরিচিত করার দরকার নেই। শিশুদের শেখানোর প্রয়োজন হলে তাদের সহজ করে পদ্মফুল আঁকানো যেতেই পারত।”

আইসিএসই বোর্ডের এই অবাঙালি স্কুলে এমনিতেই বিজেপির প্রভাব রয়েছে তার সাথে এলাকাটিও বিজেপি প্রভাবিত। স্থানীয় কিছু মানুষের ধারণা, স্কুলটিকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্কুল কর্তৃপক্ষ বিজেপিকে সমর্থন করেন।

School-Controversy

অন্যদিকে আরো একটি বিষয় উঠে এসেছে। বিশ্বব্যাপী করোনা মহামারির আকার ধারণ করায় রাজ্যসরকার যখন ১৫ই এপ্রিল পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছেন, তখন কেন স্কুল কর্তৃপক্ষ স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন?

ফলপ্রকাশ করতে হলে তারা তা অনলাইনের সাহায্যে বা অন্য উপায়েও করতে পারত। তাতে এমন অবস্থায় শিশুদের বাড়ি থেকে স্কুলে আসার নির্দেশের প্রয়োজন ছিল না। এখানে কি সামনা সামনি তারা রাজ্য সরকারের অবমাননা করছেন? অভিভাবকদের ক্ষোভের মুখে স্কুল কর্তৃপক্ষ। এর জন্য সরকার কোনো পদক্ষেপ নেবে কিনা তা জানা যায়নি।

RELATED Articles

Leave a Comment