কলকাতা শহর আবারও কেঁপে উঠল চাঞ্চল্যকর ঘটনায়। জন্মদিনের পার্টি সাধারণত আনন্দ, খুশি আর মিলনমেলার অঙ্গন। অথচ সেখানেই ঘটল এক ভয়ঙ্কর অধ্যায়। অভিযোগ উঠেছে, সেই পার্টির আড়ালেই এক তরুণীকে মাদক খাইয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ কলকাতার হরিদেবপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে তরুণীর সঙ্গে আলাপ হয়েছিল চন্দন মল্লিক নামে এক যুবকের। নিজেকে দক্ষিণ কলকাতার এক বড় দুর্গাপুজো কমিটির কর্তা বলে পরিচয় দেয় সে। তার মাধ্যমেই পরিচয় ঘটে আর এক যুবক দ্বীপের সঙ্গে। অভিযোগ, এই দুই যুবকই মেয়েটিকে আশ্বাস দেয় পুজো কমিটির সঙ্গে যুক্ত করার। সেই সূত্রেই তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছিল তরুণীর।
গত শুক্রবার ছিল তরুণীর জন্মদিন। চন্দন ও দ্বীপ তাঁকে আমন্ত্রণ জানায় রিজেন্ট পার্ক এলাকার একটি ফ্ল্যাটে। সেখানেই আয়োজন করা হয় পার্টির। অভিযোগ, পার্টিতে খাওয়াদাওয়ার পর বাড়ি ফিরতে চাইলে তাঁকে আটকে দেওয়া হয়। এরপর জোর করে মাদক খাইয়ে ধর্ষণ করা হয় তরুণীকে। কোনওরকমে পালিয়ে নিজের বাড়ি ফিরে যান তিনি।
প্রথমে চুপ থাকলেও পরের দিন পরিবারের কাছে সব খুলে বলেন তরুণী। এরপর শনিবার রাতে হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর বয়ান অনুযায়ী, এ ঘটনায় সরাসরি অভিযুক্ত চন্দন ও দ্বীপ। তবে অভিযোগ দায়েরের পর থেকে গা ঢাকা দিয়েছে তারা। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আরও পড়ুনঃ Ssc exam : ৯ বছর পর ফের এসএসসি পরীক্ষা, চাকরিহারাদের ক্ষোভে উত্তাল রাজ্য! “এবার কি মিলবে স্থায়ী চাকরি?” — দাবি চাকরিহারা শিক্ষকদের!
ঘটনার পর পুলিশ ধর্ষণ ও নারীর উপর নির্যাতনের মামলা রুজু করেছে। স্থানীয়দের মতে, ব্যক্তিগত পার্টি বা অনুষ্ঠানের আড়ালে এরকম অপরাধ বাড়ছে, যা রুখতে পুলিশের আরও কঠোর নজরদারি প্রয়োজন। এর আগে কসবা কলেজ ক্যাম্পাসে ছাত্রীর উপর নির্যাতনের অভিযোগ সামনে এসেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হরিদেবপুরে গণধর্ষণের অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে শহরে।





