সময়ের সঙ্গে পাল্লা! দিল্লির পর এবার কলকাতাতেও চালু হতে চলেছে ‘চালকহীন মেট্রো’, কোন রুটে চলবে এই মেট্রো? জেনে নিন

সময় যত এগোচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছে প্রযুক্তিও। অত্যাধুনিক প্রযুক্তির হাত ধরেই এসেছে অটোমেটেড মেট্রো। দিল্লিতে ইতিমধ্যেই তা চালু হয়ে গিয়েছে। এবার এই চালকহীন মেট্রো পেতে চলেছে দেশের প্রথম মেট্রো চালু হওয়া শহর কলকাতায়।

ইতিমধ্যেই দিল্লিতে পিঙ্ক এবং ম্যাজেন্টা লাইনে শুরু হয়েছে অটোমেটেড মেট্রো। এবার তা শুরু হওয়ার অপেক্ষা তিলোত্তমাতেও। জানা গিয়েছে, ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে মেট্রোর ট্রায়াল রান। আর কিছুদিনের মধ্যেই কলকাতায় চালু হয়ে যাবে চালকহীন মেট্রো।  

কী ব্যবস্থা থাকবে এই মেট্রোতে?

এই অত্যাধুনিক প্রযুক্তিকে বলা হয় ‘অটোমেটিক ট্রেন অপারেশন’। কোনও মোটরম্যান বা চালক ছাড়াই এই পদ্ধতির সাহায্যে মেট্রো চলবে। এই অটোমেটিক মেট্রো যে রুটে চলবে, সেখানে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোলের সিস্টেমের মাধ্যমে সিগন্যালিং ব্যবস্থা পরিচালিত হবে বলে জানা গিয়েছে।

এই চালকহীন মেট্রোর সুবিধা কী কী?

চালকযুক্ত মেট্রোতে অনেকসময়ই ‘হিউম্যান এরর’-র সম্ভাবনা থাকে। কিন্তু এই অটোমেটেড মেট্রোতে তা হবে না। অনেক সময়ই চালকের ভুলে মেট্রোর দরজা খোলা-বন্ধ হওয়া নিয়ে সমস্যা দেখা যায়। ডানদিকের দরজা খুলতে গিয়ে বামদিকের দরজা খুলে যায়। কিন্তু অটোমেটিক সিস্টেমে সেই ভুল হওয়ার জায়গা নেই।

ইতিমধ্যেই কিউআর কোডবিশিষ্ট টিকিট থেকে শুরু করে নানান উন্নতি প্রযুক্তি এসেছে কলকাতা মেট্রোতে। খুব দ্রুত চালু হতে চলেছে গঙ্গার নীচ দিয়ে মেট্রো। এরই মধ্যে এবার অটোমেটিক মেট্রোর জন্যও অপেক্ষায় শহরবাসী।

কোন রুটে চালু হবে এই অটোমেটিক মেট্রো?

মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে খবর, আপাতত ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটেই চালু হবে এই চালকহীন মেট্রো। কারণ ওই রুটেই রয়েছে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোলের সিস্টেম। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ রুটে দ্রুত শুরু হতে চলেছে এই অটোমেটিক মেট্রো। ইতিমধ্যেই মেট্রোর সফল ট্রায়াল রান হয়ে গিয়েছে। আরও কিছু নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা খতিয়ে দেখার পর চালু করা হবে এই পরিষেবা। পরবর্তীতে, নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট, জোকা রুটেও চালু হবে এই চালকহীন মেট্রো পরিষেবা।

আরও অন্যান্য খবর