Sacked Teachers’ Movement : ঘুষ তো খাবে! কিন্তু ৫০০ নয়, তোদের যোগ্যতা ২ টাকাই… রাস্তায় দাঁড়িয়ে পুলিশের ‘মূল্য’ ঠিক করল চাকরিহারারা

ঘুষের গল্প নতুন কিছু নয়। দিনের পর দিন সাধারণ মানুষ এ ছবি দেখে আসছে। কোথাও সরকারি অফিসে কাজ করাতে গেলে ঘুষ, আবার কোথাও হাসপাতালে ভর্তি করাতেও ঘুষ। স্কুল-কলেজ থেকে শুরু করে চাকরির ইন্টারভিউ – টাকা থাকলেই যেন কাজ সহজ। অথচ যারা প্রকৃত যোগ্য, তাদের দাম যেন দিনকে দিন কমছে। যোগ্যতার থেকে বড় হয়ে উঠছে টাকার শক্তি। ঠিক এই বাস্তব চিত্রই আরও একবার চোখে আঙুল দিয়ে দেখালেন রাজ্যের চাকরিহারা আন্দোলনকারীরা।

পুলিশ মানেই আমাদের চোখে নিরাপত্তার প্রতীক। বিপদে পড়লেই মনে পড়ে পুলিশের কথা। কিন্তু যখন সেই পুলিশই অভিযোগের কাঠগড়ায়, তখন আঘাত লাগে সাধারণ মানুষের বিশ্বাসে। চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারাও বুঝিয়ে দিলেন, পুলিশকে আর আগের মতো সম্মান করতে পারছেন না তারা। আর সেই ক্ষোভ প্রকাশের পথ হিসেবে বেছে নিলেন ব্যতিক্রমী কায়দা। হাতে তুলে নিলেন ৫০০ টাকার নোট, কারও হাতে আবার ২ টাকার কয়েন। আর সবার সামনেই পুলিশকে উদ্দেশ্য করে ছুঁড়ে দিলেন প্রশ্ন – “এই নাও ঘুষ! এই তোদের যোগ্যতা!”

মঙ্গলবার সকাল থেকেই উত্তাল ছিল রাজ্যের একাধিক জেলা। বারাসত, কাঁথি, আসানসোল, মালদহ – একের পর এক ডিআই (DI) অফিসে তালা মেরে বিক্ষোভ দেখান চাকরিহারারা। কলকাতাও ছিল তার ব্যতিক্রম নয়। কসবা এলাকায় ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে শুরু হয় তীব্র উত্তেজনা। পথ অবরোধ, স্লোগান, প্রতিবাদের মাঝে একসময় রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। অভিযোগ, পুলিশের লাঠিচার্জে আহত হন একাধিক চাকরিপ্রার্থী। তাঁদের মধ্যে ছিলেন মহিলা আন্দোলনকারীরাও। আর এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। রাস্তায় দাঁড়িয়েই শুরু হয় ‘ঘুষ দেওয়ার অভিনব প্রতিবাদ’। কেউ ৫০০ টাকার নোট হাতে নিয়ে পুলিশের সামনে এগিয়ে বলেন, “এই টাকা নিয়ে যা। তোদের তো এটাই প্রাপ্য।” অন্যদিকে, আরও এক যুবক পুলিশকে ২ টাকার কয়েন দিয়ে বলেন, “ওদের যোগ্যতা তো ৫০০ টাকারও কম। ২ টাকাই বেশি।” পুলিশের বিরুদ্ধে এই ব্যঙ্গ-বিদ্রুপ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতেও। কেউ বলছেন, পুলিশের এই আচরণ লজ্জার, কেউ বলছেন, প্রতিবাদী মানুষের মনোবল ভাঙা এত সহজ নয়।

আরও পড়ুনঃ Mamata Banerjee : সহানুভূতির নাটক, আইওয়াশ ছাড়া আর কিছু নয়!” — মমতার পুলিশি সন্ত্রাসে রক্তাক্ত রাজপথ, ক্ষুব্ধ চাকরিহারার তীব্র প্রতিবাদ

এই ঘটনা নতুন করে ভাবতে বাধ্য করছে সকলকে। ঘুষ মানে কেবল টাকা নয়, কখনও কখনও প্রতিবাদও হতে পারে ঘুষের ভাষায়। যেখানে যোগ্যতার মূল্য নেই, সেখানে এমন অভিনব প্রতিবাদই সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বাস্তবটা। এদিন কসবার রাস্তায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়ে ফেললেন রাজ্যের চাকরিহারা আন্দোলনকারীরা। ৫০০ টাকা বা ২ টাকার কয়েন প্রতীকের মতোই উঠে এল প্রশাসনের প্রতি আস্থা হারানোর চিত্র। প্রশ্ন থেকে যাচ্ছে – যোগ্যতার দাম কি সত্যিই আজকের সমাজে ২ টাকায় এসে ঠেকেছে?

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles