বাড়ছে অবৈধ যাত্রীদের ভিড়, এবার থেকে মেট্রো স্টেশনেও থাকবে ট্রেনের মতো ‘টিকিট চেকার’, ধরা পড়লেই মোটা জরিমানা

পুজোর আর বেশি দেরি নেই। পুজোর মুখে এবার নতুন নিয়ম এনেছে কলকাতা মেট্রো। এবার থেকে ট্রেনের মতোই মেট্রোতেও থাকবে টিকিট পরীক্ষক। যাত্রীদের কাছে টোকেন বা টিকিট রয়েছে কী না, কেউ টিকিট না কেটেই মেট্রোয় সফর করছেন কী না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। নির্দিষ্ট যন্ত্রে যাত্রীরা টোকেন জমা দিয়ে তবেই স্টেশন ছাড়ছেন কী না, তাও দেখবেন এই নির্দিষ্ট আধিকারিকরা।

পুজোর সময় উপচে পড়া ভিড় হয় মেট্রোতে। উত্তর থেকে দক্ষিণ কলকাতায় মেট্রো চড়েই ঘুরে বেড়ান মানুষ। কম সময়ে কম খরচে মেট্রোতে সফর করাকেই বেছে নেন শহরের মানুষ। ভিড়ের মধ্যেই অনেকেই মেট্রোতে টিকিট না কেটেই ফাঁকি দিচ্ছেন, এমন প্রবণতা প্রায়ই দেখা যাচ্ছে। কেউ কেউ আবার টোকেন জমা না দিয়েই তা নিয়েই বেরিয়ে যাচ্ছেন স্টেশন চত্বর থেকে। এর জেরে ক্ষতির মুখে পড়ছে মেট্রো কর্তৃপক্ষ।

সেই কারণেই টোকেন সংক্রান্ত এবং ক্ষতির পরিমাণে রাশ টানতে এবার ট্রেনের ধাঁচেই মেট্রো স্টেশনে টিকিট পরীক্ষা করার নিয়ম চালু করা হচ্ছে। ট্রেনের মতোই এবার মেট্রো স্টেশনে থাকবেন ‘টোকেন চেকার’। যে কোনও যাত্রীর কাছে টিকিট বা টোকেন দেখতে চাইবেন তারা। কেউ টোকেন ব্যবহার না করে তা নিয়ে চলে যাচ্ছেন কী না, তা-ও দেখবেন এই আধিকারিকেরা।

মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, এই জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। তারা কাজও শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই বেশ কয়েকজন যাত্রীকে বিনা টিকিটে ধরাও হয়েছে বলে খবর। ৮০ জন যাত্রীর থেকে প্রায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে কর্তৃপক্ষের তরফে।

গত ২০ সেপ্টেম্বর থেকে মেট্রোতে চালু হয়েছে এই নয়া নিয়ম। সেই কারণেই মেট্রো কর্তৃপক্ষের তরফে যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে যাতে তারা উপযুক্ত ভাড়া দিয়ে টোকেন কিনে বা মেট্রোর কার্ড ব্যবহার করে ভাড়া মিটিয়ে মেট্রোতে যাতায়াত করেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles