নিজস্ব গাড়ি নিয়ে কলকাতার রাস্তায় ঘোরাফেরা করছেন? তাহলে তো এই খবরটা আপনাকে জানতেই হবে। কলকাতা পুরসভার তরফে সম্প্রতি পার্কিং ফি বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, অল্পস্বল্প নয়, এক ধাক্কায় একেবারে দ্বিগুণ টাকা বাড়ছে গাড়ি পার্কিংয়ের জন্য। মেয়র পরিষদের বৈঠকে ইতিমধ্যেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে। রাজস্ব আয় বাড়ানোর জন্যই এই পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।
এক পুর আধিকারিক জানিয়েছেন যে কলকাতায় পার্কিং ফি বাড়ানোর বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। সম্প্রতি পুরসভার মেয়র পরিষদের বৈঠকে এই পরিকল্পনাতে সিলমোহর পড়েছে। বাইক, বাস, লরির মতো যানবাহনের ক্ষেত্রে পার্কিং ফি বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। এতদিন কলকাতার রাস্তায় চার চাকা গাড়ির জন্য পুরসভাকে ঘণ্টা পিছু দশ টাকা দিতে হবে। এখন থেকে ঘণ্টা পিছু দিতে হবে কুড়ি টাকা।
অন্যদিকে, বাস ও লড়ি জাতীয় পরিবহন পার্কিংয়ের ক্ষেত্রে এতদিন পর্যন্ত ঘন্টায় কুড়ি টাকা দিতে হত। এবার থেকে তা বৃদ্ধি হয়ে হবে ঘন্টা পিছু চল্লিশ টাকা। পাশাপাশি, দুই ঘন্টার জন্য প্রদান করতে হবে আশি টাকা, তিন ঘন্টার জন্য এই ফি বৃদ্ধি পেয়ে দাঁড়াবে একশ ষাট টাকা, চার ঘন্টার জন্য দুশ ও পাঁচ ঘণ্টার জন্য দুশ চল্লিশ টাকা করে দিতে হবে। ফি এর অর্থ ঘন্টা পিছু দু’শ টাকা করে বৃদ্ধি পাবে যদি দীর্ঘ সময় পার্কিং করে রাখা হয়।
অনেক সময়ই এমন অভিযোগ ওঠে যে পার্কিং লটের বরাত প্রাপ্ত সংস্থাগুলি অতিরিক্ত পার্কিং চার্জ নিচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে কলকাতা পুরসভা তরফে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। পুর আধিকারিকদের মতে, পার্কিং ফি বৃদ্ধি পেলে এই প্রবণতা অনেকটা কমবে।






