ডেঙ্গু নির্মূল করা নিয়ে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না কলকাতা পুরসভা। এমন অভিযোগ তুলে আজ, বৃহস্পতিবার কলকাতা পুরসভা অভিযানের ডাক দেয় রাজ্য বিজেপি। তবে এদিন পথে নেমে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিজেপির যুব মোর্চা কর্মী-সমর্থকরা।
এদিন রাজ্য বিজেপির সদর দফতর মুরলীধর সেন লেনের কার্যালয় থেকে কলকাতা পুরসভা পর্যন্ত মিছিল করার কথা ছিল বিজেপির। এদিনের এই মিছিলে সামিল হন অগ্নিমিত্রা পল, সজল ঘোষ, মীনাদেবী পুরোহিত-সহ বহু নেতা,কর্মী। সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে এগোতে থাকে বিজেপির এই মিছিল। কিন্তু মিছিলে বাধা দেয় পুলিশ।
জানা গিয়েছে, নানান গুরুত্বপূর্ণ রাস্তা ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় পুলিশ। এর জেরে পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিতে জড়ান বিজেপি কর্মী-সমর্থকরা। ব্যারিকেড, গার্ডরেল সরিয়ে এগোনোর চেষ্টা করেন যুব কর্মীরা। রাস্তায় বসেই ধর্না দেন অগ্নিমিত্রা পাল, সজল ঘোষরা। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে কয়েকজনকে টেনে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। আটক করা হয়েছে অগ্নিমিত্রা পাল, মীনাদেবী পুরোহিতকে।
পূর্ব পরিকল্পিত সময় অনুযায়ী, দুপুর ১টার সময় জমায়েত করেন বিজেপি নেতা-কর্মীরা। হাতে ডেঙ্গু সচেতনতার প্ল্যাকার্ড নিয়ে এগোতে থাকেন তারা। এই প্ল্যাকার্ডে ডেঙ্গু নিয়ন্ত্রণে কলকাতা পুরসভার গাফিলতির অভিযোগও লেখা ছিল। স্লোগান দিতে দিতে এগোতে থাকে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব।
এদিনের মিছিলে সামনের সারিতেই ছিলেন অগ্নিমিত্রা পাল, মীনাদেবী পুরোহিত, সজল ঘোষরা। তাদের একটাই দাবী, করোনার মতো ডেঙ্গুও এখন ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার উচিত রোজকার তথ্য দেওয়া, যাতে মানুষ সচেতন হতে পারে। কিন্তু পুরসভার কোনও পদক্ষেপই নেই বলে অভিযোগ বিজেপির।





