বিজেপির গঙ্গা আরতিতে বাধা কলকাতা পুলিশ, দেওয়া হল না আরতির অনুমতি, ‘কর্মসূচি হবেই’, হুঙ্কার গেরুয়া বাহিনীর

বিজেপির তরফে গঙ্গা আরতির (Ganga Aarti) কর্মসূচি নেওয়া হয়েছে। কিন্তু সেই কর্মসূচিতে বাধা কলকাতা পুলিশ (Kolkata Police)। বিজেপির এই গঙ্গা আরতিতে অনুমতি দেয় নি পুলিশ। আজ, মঙ্গলবার বাবুঘাটের (Babughat) বাজে কদমতলা ঘাটে গঙ্গা আরতির আয়োজন করেছে বিজেপি (BJP)। কিন্তু তাতে আপত্তি জানিয়েছে পুলিশ। পুলিশের এই আপত্তির প্রতিবাদ জানানো হয়েছে বিজেপি নেতৃত্বের তরফে।

পুলিশের তরফে জানানো হয়েছে যে গঙ্গাসাগর মেলার জন্য এমনিতেই বাবুঘাটে এই সময় বেশ ভিড় হচ্ছে। আজও ভিড় জমাবেন পুণ্যার্থীরা। এমন আবহে বিজেপির এই কর্মসূচির জেরে যানজটের সৃষ্টি হবে। মানুষ অসুবিধায় পড়বে। তাছাড়া, জি-২০ সম্মেলন চলছে শহরে। এইসব কারণের জন্য পুলিশের তরফে জানানো হয়েছে যাতে গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পর এই কর্মসূচির জন্য আবেদন জানায় বিজেপি।

উল্লেখ্য, কিছুদিন আগেই নমামি গঙ্গে প্রকল্প নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে একটি বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির তরফেও একটি গঙ্গা আরতি কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেখানে গঙ্গা আরতি ও একটি নৃত্যনাট্যের আয়োজন করার কথা রয়েছে। সেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টজন উপস্থিত থাকবেন। কিন্তু এরই মধ্যে সোমবার রাতেই পুলিশের তরফে এই আপত্তির কথা জানানো হয়।

এই নিয়ে বেশ বিরক্ত প্রকাশ করেছে গেরুয়া শিবির। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য পুলিশের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেন, “এতদিন পর্যন্ত বালিঘাট, কয়লা খাদান, পাথর খাদানের দখলদারি ছিল। এখন মা গঙ্গাকেই দখল করে নিল তৃণমূল”।

বিজেপির অভিযোগ, রাজ্য সরকার যেহেতু ঘোষণা করেছে যে তারা গঙ্গা আরতি করবে, সেই কারণে তাদের বাধা দেওয়া হচ্ছে। বিজেপি মুখপাত্র প্রশ্ন তোলেন যে গঙ্গাদূষণ রোধ করতে যদি মানুষের মধ্যে আরও বেশি করে সচেতনতা বাড়ানো যেত, তাহলে কী খুব অসুবিধা হয়ে যেত?

তবে শমীক ভট্টাচার্য এও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে পুলিশ অনুমতি না দিলেও আজ, মঙ্গলবার এই গঙ্গা আরতি কর্মসূচি করবে বিজেপি। তিনি এও জানান যে নির্দিষ্ট সময়ে বেনারস থেকে আসা পুরোহিতের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে গঙ্গা আরতি কর্মসূচির আয়োজন করা হবে। পুলিশি আপত্তির বিরোধিতা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তিনি বলেন, “পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করছে। আমি যাব। গঙ্গা আরতি করব। অবশ্যই কাল কর্মসূচি হবে”।

RELATED Articles