কলকাতার যানজট এড়াতে এবার এক বড় উদ্যোগ নীল কলকাতা পুলিশ। এবার ট্র্যাফিক পুলিশের হাতে ‘আলোর লাঠি’ তুলে দিচ্ছে লালবাজার। জানা গিয়েছে, কমপক্ষে ৫০০টি এই ‘এলইডি ব্যাটন’ বা ‘আলোর লাঠি’ নিয়ে আসা হচ্ছে কলকাতায়।
পুলিশ তরফে জানানো হয়েছে যে কয়েক বছর আগে থেকেই কলকাতার ট্রাফিক গার্ডগুলিকে লাইট ব্যাটন দেওয়া হয়েছে এতে লাল ও সবুজ আলো থাকে, ফলে ট্রাফিক পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণে সুবিধা হয়। এর মধ্যে কিছু ব্যাটন খারাপ হতে শুরু করেছে বলে এবার আরও আধুনিক আলোর লাঠি বা এলইডি ব্যাটন কেনার প্রস্তুতি শুরু নিচ্ছে লালবাজার।
পুলিশের এক আধিকারিক জানান, “এই এলইডি ব্যাটনগুলিতে আগের মতোই লাল ও সবুজ আলো থাকছে। এর সঙ্গে থাকছে সাদা আলোও। এই আলোর নিচের অংশ যাতে সহজে ধরা যায়, সেই ব্যবস্থা রাখা হচ্ছে। সুইচ এমন জায়গায় থাকছে যে পুলিশকর্মীরা সহজেই আলোর রং পরিবর্তন করতে পারবেন”।
জানা যাচ্ছে, এই আলোর লাঠির মাথায় থাকবে জোরালো টর্চ। যার ফলে কোনও আপৎকালীন অবস্থায় বা অন্ধকারে সেই টর্চের আলো কাজে লাগবে। আপাতত ৫০০টি এই আলোর লাঠি কেনা হচ্ছে বলে জানা গিয়েছে। এর জন্য খরচ পড়ছে প্রায় ৩ লক্ষ ২০ হাজার টাকা। প্রত্যেক ট্র্যাফিক গার্ডে গড়ে ২০টি করে এই লাঠি থাকবে বলে জানা যাচ্ছে।
ট্রাফিক পুলিশের এক আধিকারিক জানান, “অন্ধকারে এই লাইট ব্যাটনগুলির যথেষ্ট গুরুত্ব রয়েছে। বহু এলাকায় রাতে রাস্তায় কাজ হয়। রাতে রাস্তায় সাদা রং দিয়ে জেব্রা ক্রসিং বা বিভিন্ন চিহ্ন তৈরি করে ট্রাফিকের বিশেষ শাখা। কাজগুলির সময় যাতে বেপরোয়া গাড়ি দুর্ঘটনা না ঘটায়, তার জন্য এই লাইট ব্যাটন দিয়ে সতর্ক করেন পুলিশকর্মীরা। গুরুত্বপূর্ণ মোড়গুলিতে ট্রাফিক সিগন্যাল থাকলেও ছোট মোড় বা রাস্তার সংযোগস্থলগুলিতে তা থাকে না”।
নানান ছোটো ছোটো রাস্তার সংযোগস্থল যেখানে ট্র্যাফিক সিগন্যাল থাকে না, সেখানে এই আলোর লাঠি বেশ কাজ আসবে। কলকাতা যানজটমুক্ত করতে এই আলোর লাঠি নানান ছোটো মোড়ে ট্র্যাফিক পুলিশদের হাতে থাকবে। অকারণে কোনও গাড়ি বা বাইক রাস্তায় দাঁড়িয়ে থাকলে, সেই লাঠি দিয়ে সেগুলি নিয়ন্ত্রণ করা হবে।





