মেসির সফরে উন্মাদনা, কেরালায় আর্জেন্টিনার প্রীতি ম্যাচ, কলকাতাতেও বিশেষ অনুষ্ঠান

ভারতের ফুটবলপ্রেমীদের জন্য দারুণ খবর। লিওনেল মেসি আবারও আসছেন ভারতের মাটিতে। প্রায় পনেরো বছর পর ফের দেখা মিলবে আর্জেন্টিনার জাদুকরের। শুধু মেসিই নন, কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলও আসছে তাঁর নেতৃত্বে। নভেম্বরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোর মধ্যেই কেরালায় একটি প্রীতি ম্যাচ খেলতে নামবে তারা। প্রতিপক্ষ এখনও ঘোষণা হয়নি, তবে উত্তেজনার পারদ ইতিমধ্যেই আকাশ ছুঁয়েছে। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, রাজ্য সরকারের সহযোগিতায় প্রস্তুতি চলছে জোর কদমে।

তবে সফর কেবল কেরালা পর্যন্ত সীমাবদ্ধ থাকছে না। ডিসেম্বর মাসে মেসি ঘুরে যাবেন কলকাতা, আহমেদাবাদ, মুম্বই এবং দিল্লি। ১২ ডিসেম্বর কলকাতার ইডেন গার্ডেনসে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। তারপর আমেদাবাদে শিল্পপতি গৌতম আদানির আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। ১৪ তারিখ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন হবে এক বিশাল অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকবেন মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার মতো তারকারা। কলকাতায় আবার দেখা করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। সফরের শেষ দিনে, অর্থাৎ ১৫ ডিসেম্বর নয়াদিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন মেসি।

আর্জেন্টিনা দলের হয়ে কারা আসবেন, তা এখনও পরিষ্কার নয়। তবে শোনা যাচ্ছে, মেসির ক্লাব ইন্টার মিয়ামির সতীর্থ লুইস সুয়ারেজ, জর্ডি আলবা ও রদ্রিগো দে পলও সফরে থাকতে পারেন। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের তরফে বলা হয়েছে, নভেম্বরের ১০ থেকে ১৮ তারিখের মধ্যে কেরালায় প্রীতি ম্যাচটি আয়োজন করা হবে। কবে, কোথায় এবং কার বিরুদ্ধে ম্যাচ হবে, তা শিগগিরই ঘোষণা করা হবে। ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, সরকারি উদ্যোগ ও বেসরকারি বিনিয়োগ মিলিয়েই এই ঐতিহাসিক আয়োজন সম্ভব হয়েছে।

মেসির ভারতের সঙ্গে সম্পর্ক নতুন নয়। ২০১১ সালে ভেনেজুয়েলার বিরুদ্ধে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে খেলেছিলেন তিনি। প্রায় ৭০ হাজার দর্শকের সামনে সেই ম্যাচে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। সেটিই ছিল মেসির অধিনায়ক হিসেবে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ফলে কলকাতা ও মেসির সম্পর্ক বেশ বিশেষ হয়ে আছে আজও। তাই তাঁর ফেরত আসা নিয়ে উন্মাদনার শেষ নেই।

আরও পড়ুনঃ Netaji Subhash Chandra Bose : কেরল পাঠ্যবই বিতর্কে নতুন মোড়! সুভাষ বসুকে ‘প্রো-ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে অপমান করেছে কমিউনিস্টরা, সামনে এল আর্কাইভের নথি!

বর্তমানে মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে দুর্দান্ত খেলছেন মেসি। ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা ও অ্যাসিস্টদাতা হয়ে উঠেছেন তিনি। তাই ভারতীয় সমর্থকরা মুখিয়ে আছেন, কেরালার মাঠে আবারও মেসির জাদু দেখবেন বলে। শুধু ম্যাচ নয়, গোটা সফরজুড়ে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে আনন্দ আর উৎসবের আবহ। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও জানিয়েছেন, “মেসির আগমন শুধু ফুটবল নয়, কেরালার ক্রীড়াক্ষেত্রকে নতুন দিশা দেবে।”

RELATED Articles