নভেম্বর মাসের শুরুতেই এলপিজি গ্যাসের দামে এসেছে সুখবর। মাসের প্রথম দিনেই রান্নার খরচ কিছুটা হলেও হালকা হচ্ছে সাধারণ মানুষের জন্য। গত কয়েক মাস ধরে একের পর এক প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সাধারণ মানুষের কপালে ভাঁজ ফেলে দিয়েছিল। তবে এবার নভেম্বরের একেবারে প্রথম দিনেই গ্যাসের দামের সামান্য হ্রাসে খানিকটা স্বস্তি ফিরে এসেছে মধ্যবিত্তের ঘরে ঘরে।
প্রতি মাসের মতোই দেশের তেল বিপণন সংস্থাগুলি (OMCs) বিশ্ববাজারে পেট্রোলিয়াম পণ্যের ওঠানামা বিচার করে এলপিজি সিলিন্ডারের দাম পুনর্বিবেচনা করে। অক্টোবর মাসে যেখানে দাম কিছুটা বেড়েছিল, সেখানে নভেম্বরের শুরুতেই মিলল সামান্য স্বস্তির ইঙ্গিত। এই পর্যালোচনার ভিত্তিতেই এবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারে দেখা গেছে হালকা দাম হ্রাস—যা নভেম্বরের ১ তারিখ থেকেই কার্যকর হয়েছে বলে সংস্থাগুলির তরফে জানানো হয়েছে।
ইন্ডিয়ান অয়েল (IOCL) থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য বলছে, দেশের চারটি বড় মহানগরেই এবার বাণিজ্যিক গ্যাসের দামে সামান্য হ্রাস ঘটেছে। দিল্লি এবং মুম্বইতে সিলিন্ডারপিছু দাম কমেছে ৫ টাকা করে। বর্তমানে দিল্লিতে ১৯ কেজির একটি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১,৫৯০ টাকা ৫০ পয়সা, আর মুম্বইতে ১,৫৪২ টাকা। অন্যদিকে, চেন্নাইয়ে দাম কমেছে প্রায় সাড়ে ৪ টাকা, যেখানে নতুন দাম ১,৭৫০ টাকা।
সবচেয়ে বেশি দাম কমেছে কলকাতায়। এখানকার ব্যবসায়ীরা জানাচ্ছেন, বাণিজ্যিক সিলিন্ডারপ্রতি ৬ টাকা ৫০ পয়সা পর্যন্ত কমেছে দাম। অর্থাৎ এখন ১৯ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ পড়বে প্রায় ১,৬৯৪ টাকা। যদিও এই পরিবর্তন শুধুমাত্র ব্যবসায়িক ব্যবহারের ক্ষেত্রে হয়েছে, গৃহস্থদের জন্য ব্যবহৃত ১৪.২ কেজির রান্নার গ্যাসে এখনও পর্যন্ত কোনও রদবদল করা হয়নি।
আরও পড়ুনঃ Astrology: ভগবান বিষ্ণুর প্রিয় এই ৪ রাশি, জীবনে সুখ আর সমৃদ্ধিতে ভরপুর!
কলকাতায় গৃহস্থের ব্যবহারের ১৪.২ কেজির সিলিন্ডারের দাম আগের মতোই ৮৭৯ টাকা রয়েছে। দিল্লিতে এই সিলিন্ডারের দাম ৮৫৩ টাকা, মুম্বইয়ে ৮৫২ টাকা ৫০ পয়সা এবং চেন্নাইয়ে ৮৬৮ টাকা ৫০ পয়সা। শেষবার রান্নার গ্যাসের দাম ৮ এপ্রিল পরিবর্তন হয়েছিল, যখন প্রায় ৫০ টাকা বেড়েছিল প্রতি সিলিন্ডারের দাম। সেই হিসেবে এই মাসের শুরুতে দাম অপরিবর্তিত থাকা সাধারণ গৃহস্থের কাছে স্বস্তির নিশ্বাসেরই সমান।





