Bengal Weather Update: মহালয়া থেকেই শুরু নিম্নচাপের খেলা, পুজো জুড়েই বৃষ্টির পূর্বাভাস

পুজোর আগে থেকেই আবহাওয়ায় অস্থিরতা। ২৫ সেপ্টেম্বর উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। এই নিম্নচাপ ক্রমশ ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে। আবার ৩০ সেপ্টেম্বর ফের একটি ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবেই চতুর্থী থেকে শুরু হতে পারে ভারী বৃষ্টি। নবমীর রাত থেকে ফের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা।

মহালয়া:
রবিবার মহালয়ার সকালটি তুলনামূলকভাবে শান্ত থাকতে পারে। সকালের দিকে আকাশ আংশিক মেঘলা হলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে বিকেল বা সন্ধ্যা নাগাদ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে রাজ্যের কিছু জেলায়। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বেশিরভাগ জেলায়। ফলে তর্পণের জন্য সকাল সকাল যাওয়াই ভালো।

দক্ষিণবঙ্গ:
দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে। উপকূলবর্তী তিন জেলায় বিশেষভাবে সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে। কোথাও ঘন মেঘলা, কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গ:
উত্তরবঙ্গের জন্য জারি হয়েছে সতর্কতা। আজ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। আগামীকালও এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে। ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মহালয়ার দিন থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে পারে উত্তরবঙ্গে।

কলকাতা:
আজ কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের বেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে। মহালয়ার সকাল শুকনো থাকলেও দুপুর বা সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে।

আরও পড়ুনঃ VIRAL AUDIO: ‘ভিখারির মতো লোনের উপর বাঁচিস, তাই বাচ্চারা বিকলাঙ্গ’— সেনা অফিসারকে কুরুচিকর আক্রমণ মহিলা ব্যাংককর্মীর, ভাইরাল অডিয়োতে ক্ষোভের ঝড়!

তাপমাত্রা:
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা রয়েছে ৮১ থেকে ৯৪ শতাংশের মধ্যে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles