‘খেলার আগে জয় বাংলা বলে খেলতে ঢুকবেন, ঠিক কাপ জিততে পারবেন’, খেলোয়াড়দের পরামর্শ দিলেন মমতা

এবার খেলার মাঠেও শোনা যাবে ‘জয় বাংলা’ ধ্বনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই চাইছেন। খেলোয়াড়দের উদ্দেশে কথা বলতে গিয়ে শাহরুখ খানের ‘চক দে ইন্ডিয়া’ ছবির প্রসঙ্গ তোলেন তিনি। বলেন, “যখন খেলতে যাবেন, একবার জয় বাংলা বলে ঢুকবেন”।

আজ, বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে খেলোয়াড়দের সম্মান প্রদানের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান থেকেই সেখানে উপস্থিত খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, “খেলতে যখন যাবেন, একেবার জয় বাংলা বলে ঢুকবেন। শাহরুখের একটা সিনেমা করেছিল না, চক দে ইন্ডিয়া… ওরকম আপনারাও বলবেন, জয় বাংলা। জয় বাংলা বলতে বলতে গিয়ে একদম জিতে কাপ নিয়ে চলে আসবেন। নিজের অধিকার ছিনিয়ে নিয়ে আসবেন”।

এদিন বক্তব্য রাখার সময় বাংলার খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের অনুপ্রাণিত করে বলেন, “আরও অনেক সোনা-রুপো-ব্রোঞ্জ আনতে হবে। মাথা উঁচু করে খেলবেন। মনে প্রাণে শুধু একটাই চিন্তা রাখবেন, খেলতে হবে এবং জিততে হবে”।

এদিন কথায় কথায় ওঠে শাহরুখ খানের ‘চক দে ইন্ডিয়া’ ছবির প্রসঙ্গ। সেই সিনেমার মতোই খেলতে নামার আগে বাংলার খেলোয়াড়দের ‘জয় বাংলা’ ধ্বনি উচ্চারণ করতে পরামর্শ দিলেন মমতা। তাঁর কথায়, জয় বাংলা বলা মানে বাংলা মায়ের জয়ধ্বনি দেওয়া।

এদিন মমতা বিস্তারিত বর্ণনা দিয়ে জানান যে তাঁর সরকার ক্রীড়া জগতের জন্য কী কী কাজ করেছে। কীভাবে ময়দানের তিনটি ক্লাবের পাশে দাঁড়িয়েছে তাঁর সরকার, সেকথাও জানান মুখ্যমন্ত্রী। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানকে কীভাবে পরিকাঠামোগত উন্নতিতে রাজ্য সরকার সাহায্য করেছে, এদিনের অনুষ্ঠানে সেই খতিয়ান তুলে ধরলেন মমতা। পরিকাঠামোগত উন্নতির জন্য রাজ্য সরকার ক্লাবগুলির পিছনে ২৮ কোটি টাকা খরচ করেছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।  

RELATED Articles