আজই চালু হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো, উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত নন রাজ্যের মুখ্যমন্ত্রী

দীর্ঘ প্রতীক্ষার অবসান! বহু টালবাহানার পর অবশেষে আজ যাত্রা শুরু হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর। কিন্তু যাত্রা শুরুর প্রাক্কালে উদ্বোধন নিয়েই ফের কেন্দ্র-রাজ্য সংঘাত বাধল। কলকাতায় সাড়ম্বরে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রা শুরু হতে চলেছে। কিন্তু সেই উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাত্য স্বয়ং মুখ্যমন্ত্রী। আমন্ত্রণপত্রে তাঁর নাম-ই নেই।

জানা গিয়েছে, বৃহস্পতিবার যুবভারতী স্টেডিয়ামের কাছ থেকেই ইস্ট-ওয়েস্ট মেট্রো যাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। আর রাজ্যের প্রতিনিধি হিসাবে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু, বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীকেও অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনওরকম আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি আমন্ত্রণপত্রে অতিথিদের তালিকাতেও তাঁর নাম নেই। নাম নেই জমি-জটিলতা কাটানোর অন্যতম কাণ্ডারী রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। সেই দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিমেরও।

রাজ্য তৃণমূল নেতৃত্ব-র অভিযোগ, রাজ্য প্রশাসনকে অন্ধকারে রেখেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনের সূচি ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদে অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের প্রতিনিধিরা। তবে সরকার বা তৃণমূলের তরফে অনুষ্ঠানটি বয়কট করার কথা ঘোষণা হয়নি। ফলে রাজ্যের প্রতিনিধিদের ছাড়াই উদ্বোধন হতে চলেছে মমতার স্বপ্নের প্রকল্প ইস্ট-ওয়েস্ট মেট্রোর।

উল্লেখ্য, প্রাথমিক পর্যায়ে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে যুবভারতী স্টেডিয়াম পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো চলবে। আপাতত করুণাময়ী-সহ ৬টি স্টেশনে দাঁড়াবে মেট্রো। আগামী কয়েক মাস পর ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা ফুলবাগান পর্যন্ত বর্ধিত হবে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment