ভোটের আবহে আবারও চেনা উত্তেজনা ফিরে এসেছে শহরের অলিগলিতে। সকাল থেকেই রাস্তায় মানুষের ভিড়, হাতে দলীয় পতাকা, মুখে স্লোগান সব মিলিয়ে রাজ্যে ভোটের আবহ। রাজনৈতিক সমীকরণ, উন্নয়নের প্রতিশ্রুতি আর আবেগ, সব একসঙ্গে মিশে তৈরি হয়েছে এক অন্যরকম পরিবেশ। ভবানীপুর কেন্দ্র ঘিরে বাড়তে থাকা এই উত্তাপ যে কেবল একটি সাধারণ নির্বাচনী প্রক্রিয়া নয়, তা সহজেই বোঝা যাচ্ছে মানুষের উপস্থিতি আর আগ্রহ দেখলেই।
এদিন সকাল বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও ঘন হতে থাকে। রাস্তার ধারে দাঁড়িয়ে বহু মানুষ অপেক্ষা করছিলেন এক ঝলক দেখার জন্য। মিছিল এগোতে থাকলে শোনা যায় ‘জয় বাংলা’ স্লোগান, আর সেই স্লোগানে গলা মেলান উপস্থিত কর্মী-সমর্থকেরা। পুরো পরিবেশটাই যেন এক বড় রাজনৈতিক শক্তি প্রদর্শনের রূপ নেয়। শহরের গুরুত্বপূর্ণ পথ জুড়ে এই মিছিল শুধু নজরই কাড়েনি, বরং নির্বাচনকে ঘিরে মানুষের আবেগও স্পষ্ট করে দিয়েছে।
এই আবহের মধ্যেই বুধবার নিজের প্রার্থীপদ জমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। কালীঘাটের বাড়ি থেকে আলিপুরের সার্ভে বিল্ডিং পর্যন্ত পায়ে হেঁটে পৌঁছন তিনি। সঙ্গে ছিল দীর্ঘ মিছিল ও দলের শীর্ষ নেতৃত্ব। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) সহ একাধিক নেতা-কর্মী। সকাল পৌনে ১১টা নাগাদ শুরু হওয়া এই যাত্রা রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
মনোনয়ন জমা দেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি ভবানীপুরের মানুষকে ধন্যবাদ জানান। পাশাপাশি রাজ্যের ২৯৪টি কেন্দ্রে দলকে ভোট দেওয়ার আহ্বান জানান। তাঁর কথায়, সরকার গঠনের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। এছাড়াও ভোটার তালিকা নিয়ে কিছু অসন্তোষের কথাও তিনি উল্লেখ করেন এবং জানান, বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপের কথাও ভাবা হচ্ছে। এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছে।
আরও পড়ুনঃ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃ’ত্যুর জেরে টলিউডে বড় সিদ্ধান্ত! লীনা গঙ্গোপাধ্যায় সহ ব্যান, প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস! নিরাপত্তা ব্যবস্থায় নেওয়া হচ্ছে কোন নতুন পদক্ষেপ?
উল্লেখ্য, ভবানীপুর কেন্দ্রটি দীর্ঘদিন ধরেই তাঁর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। টানা তিনবার এই কেন্দ্র থেকে জয় পেয়েছেন তিনি, যা পরিসংখ্যানেই স্পষ্ট। এবারের নির্বাচনে দলীয় স্লোগানেও উঠে এসেছে ‘ঘরের মেয়ে’ ইমেজ, যা সাধারণ মানুষের সঙ্গে তাঁর সংযোগকে আরও জোরদার করার চেষ্টা। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার সেরে এবার নিজের কেন্দ্রে মনোনয়ন জমা দিয়ে তিনি যেন নির্বাচনী লড়াইকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন, এটাই এখন রাজনৈতিক মহলের মূল আলোচনা।





