কলকাতা শহরে ‘বস্তি’ বলে আর কিছু থাকবে না, পুজোর উদ্বোধন করার সময় সাফ জানিয়ে দিলেন মমতা

কলকাতা শহরে আর বস্তি বলে কিছু থাকবে না। এই নামটি নয়ে বেশ আপত্তি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতায় বস্তি নামে কিছু থাকুক, তা তিনি চাইছেন না। সেই কারণে তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলেন মমতা।

তৃতীয়ার দিন বিকেলেও ভারচুয়ালি একাধিক পুজোর উদ্বোধন ক্রেম মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আলিপুরের আমরা সকল পল্লী সমিতির পুজোর উদ্বোধনও করেন তিনি। সেখানে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের পুর মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

এদিন পুজো মণ্ডপ উদ্বোধনের পর ফিরহাদ বলেন, “এই বস্তিটা চেতলার মধ্যে অন্যতম বড় লিড দেয় (শাসক শিবিরকে)। এরা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কিছু জানেন না”।

তিনি আরও কিছু বলতে যাচ্ছিলেন তবে তাঁকে মাঝপথেই থামিয়ে দেন মমতা। ওই এলাকায় সকলে ঠিকা-স্বত্ত্ব পেয়েছে কী না, তা জিজ্ঞাসা করেন তিনি। ফিরহাদ জানান, সকলেই সেই স্বত্ত্ব পেয়েছে। সেই সময় মুখ্যমন্ত্রী বলেন, “ঠিকা-স্বত্ব পেয়ে গেলে তো নিজেদের জায়গা। এটাকে বস্তি বলবে না। এটা আমার মাটির কুটির, আমার ভালবাসার জায়গা, মায়ের আঁচল। বস্তি বলে কিছু হয় না। বস্তি কথাটা তুলে দাও”।

পরামর্শ দিয়ে মমতা বলেন যাতে এই বস্তি শব্দটি বাদে অন্য কোনও নাম ব্যবহার করা হয়। তিনি বলেন, “প্রয়াস বা এই জাতীয় কিছু নাম দাও। কিংবা উত্তরণ”।

তখন ফিরহাদ মমতাকে বলেন তিনি যাতে একটি নাম ঠিক করে দেন। মমতা বলেন, বস্তির বদলে ‘উত্তরণ’ শব্দটি ব্যবহার করতে। “বস্তি শব্দটি আর বলবে না”, ফিরহাদের উদ্দেশে বলেন মমতা। ফিরহাদও বলেন তিনি পুরনিগমে এই শব্দটি ঠিক করে নেবেন। উত্তরণ ১, উত্তরণ ২, উত্তরণ ৩, এভাবে যেন এলাকাগুলির নামকরণ করা হয়, এমনটাই পরামর্শ দিলেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও অন্যান্য খবর