‘মিষ্টিতে অল্প করে মিষ্টি দিন, দেখবেন ব্যবসা বাড়বে’, মিষ্টি ব্যবসা বৃদ্ধির জন্য পরামর্শ মমতার, ব্যবসা প্রসারের জন্য করলেন বড় ঘোষণা

বাঙালি আর মিষ্টি, এই দুটো কথা ওতপ্রোতভাবে জড়িত। সেই কারণেই এবার মিষ্টির ব্যবসাকে আরও প্রসারিত করতে বড় উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মিষ্টিকে প্রমোট করতে জোড়া ঘোষণা করলেন মমতা। একটি হল ‘মিষ্টি উদ্যোগ’ আর অন্যটি হল ‘মিষ্টান্ন’। আজ, মঙ্গলবার রাজ্যের মিষ্টির ব্যবসায়ী সমিতির সঙ্গে এক মিলন উৎসবে বক্তব্য রাখার সময় এমন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যেই ইকো পার্কের কাছে একটি মিষ্টি হাব তৈরি হয়েছে। এবার তার উল্টোদিকেই তৈরি হবে ‘মিষ্টান্ন’। এদিন মমতা জানান, আরও চারটি হাব করার পরিকল্পনা রয়েছে তাঁর। চন্দননগরের জলভরা, মুর্শিদাবাদের ছানাবড়া, বিষ্ণুপুরের মোতিচুর লাড্ডু আর নলেন গুড়ের সন্দেশের জন্য ওই চারটি হাব হবে।

মিষ্টি ব্যবসায়ীরা মমতার কাছে ১০ কাঠা জমির জন্য অনুরোধ করেছিলেন। এদিন মুখ্যমন্ত্রী তাদের জন্য মিষ্টি হাবের উল্টো দিকে ২০ কাঠা জমি দেওয়ার কথা ঘোষণা করেন। এর নামকরণও নিজেই করে তিনি। কীভাবে মিষ্টির ব্যবসার প্রসার আরও বাড়ানো যায়, সেই নিয়েও বিভিন্ন আইডিয়া দিলেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে একটি ইউটিউব চ্যানেল তৈরি করে কোথায় কোন মিষ্টি ভালো পাওয়া যায়, সেই সব তুলে ধরার কথাও বলেন তিনি।

অল্প মিষ্টির মিষ্টি বানানোর কথা বলেন মুখ্যমন্ত্রী

মমতার কথায়, “বাঙালির পরিচিতির সঙ্গে মিষ্টি এমনভাবে জড়িয়ে, শত চেষ্টাতেও সরানো যাবে না। তাই মিষ্টিতে অল্প করে মিষ্টি দিন। দেখবেন মানুষ আরও পছন্দ করবে। আপনাদের বিক্রি আরও বেড়ে যাবে। মিষ্টি টাকে একটু হালকা করতে হবে। আপনারা চাইলে আমি হাল্কা করে দেখিয়ে দিতে পারি। অনেকেই জানেন না আমি কত কিছু পারি, না জেনে শুধু কুৎসা করে..। সে যাক”।

জন্মদিনে এবার ‘পায়েস কেক’

এদিন মমতা বলেন, “জন্মদিনে মানুষ কেক কাটছে। আপনারা ছানার কেকটাকেই জন্মদিনের জন্য প্রমোট করুন। ওটার নাম দিন পায়েস কেক। পায়েস মাঙ্গলিক ব্যাপার। আপনারা ছানার কেকই বানান উপরে একটু চালের ছিটে দিন। ওটা প্রতীকী। তার পর উপরে নাম লেখার (যাঁর জন্মদিন তাঁর নাম) ব্যবস্থা করুন”।

এছাড়াও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কলকাতায় মৌলালি ট্রাম ডিপোতে সিটিসি বিল্ডিংয়ের প্রথম দুটি ফ্লোর নিয়ে মিষ্টির দোকান, প্যাকেজিং ও ফুড কোর্টের ব্যবস্থা করছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতর।

RELATED Articles