চার দশকেরও বেশি সময় ধরে জঙ্গলমহল থেকে ছত্তিশগড়–তেলাঙ্গানার জঙ্গলে দাপটের সঙ্গে অস্ত্র হাতে লড়াই করেছেন তিনি। মাথার দাম ছিল ১ কোটি টাকা। বহুবার পুলিশের চোখ এড়িয়ে গেরিলা কৌশলে টিকে ছিলেন। অবশেষে সব লড়াই শেষ করে আত্মসমর্পণের পথ বেছে নিলেন মাওবাদী নেত্রী সুজাতা, যিনি পরিচিত ছিলেন কিষেণজির স্ত্রী হিসেবেও।
সূত্রের খবর, তেলাঙ্গানার গাদওয়াল জেলার বাসিন্দা সুজাতা তিন মহিলা সঙ্গীকে সঙ্গে নিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। স্থানীয় বাসিন্দাদের কাছে তিনি ছিলেন ময়না বা ময়নাক্কা নামে পরিচিত। শুধু সংগঠনের নেত্রী হিসেবেই নয়, সাংস্কৃতিক দিকেও তাঁর অবদান ছিল। তেলেগু পত্রিকায় ছদ্মনামে গল্প লিখতেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে রয়েছে ১০৬টি মামলা।
সুজাতার বিপ্লবে হাতেখড়ি হয়েছিল তাঁর তুতো ভাই প্যাটেল সুধাকর রেড্ডির হাত ধরে। ২০০৯ সালে সুধাকর নিহত হওয়ার পরও তিনি সেই পথেই এগিয়ে যান। ১৯৮৪ সালে বিয়ে করেছিলেন প্রবীণ মাওবাদী নেতা মালোজুলা কোটেশ্বর রাও ওরফে কিষেণজিকে। কিষেণজি নিহত হওয়ার পর তিনি দলে আরও সক্রিয় হয়ে ওঠেন। গোয়েন্দারা বলছেন, এ কে-৪৭ হাতে নিয়ে সরাসরি যুদ্ধে অংশ নিতেন সুজাতা। ফলে তাঁর আত্মসমর্পণ গোটা মাওবাদী নেটওয়ার্কের জন্য বড় ধাক্কা।
২০০৮ সালের নভেম্বর মাসে শালবনিতে জিন্দল প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান সেরে ফেরার পথে মাওবাদীদের ল্যান্ডমাইন বিস্ফোরণের মুখে পড়েন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও দুই কেন্দ্রীয় মন্ত্রী। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তাঁরা। এরপরই জঙ্গলমহলে শুরু হয় জনসাধারণের কমিটির আন্দোলন। সেসময় থেকেই কিষেণজির পাশাপাশি দলে প্রভাবশালী হয়ে ওঠেন সুজাতা।
আরও পড়ুনঃ RG KAR: আর জি করের ছাত্রীর রহস্য*মৃত্যুতে চাঞ্চল্য, প্রেমিকের বিরুদ্ধে খু*নের অভিযোগ পরিবারের!
২০১১ সালে কিষেণজির মৃত্যু মাওবাদী আন্দোলনে বড় ধাক্কা দিলেও সুজাতা নেতৃত্বে উঠে আসেন। গোয়েন্দাদের মতে, প্রথম প্রজন্মের মাওবাদী নেতাদের মধ্যে তিনি অন্যতম। তাই তাঁর আত্মসমর্পণ শুধু পুলিশের জন্য সাফল্য নয়, বরং প্রতীকী অর্থেও তা তাৎপর্যপূর্ণ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই ঘোষণা করেছেন, ২০২৬ সালের মার্চের মধ্যেই ভারতকে মাওবাদমুক্ত করা হবে। সেই প্রেক্ষাপটে সুজাতার ধরা পড়া নিঃসন্দেহে নিরাপত্তা বাহিনীর কাছে এক ঐতিহাসিক জয়।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!