পর পর দু’দিন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা, ভোগান্তি চরমে উঠবে নিত্যযাত্রীদের, জেনে নিন দিনক্ষণ

নিত্যযাত্রীদের জন্য মেট্রো এখন সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কম সময়ে পৌঁছতে মেট্রোর বিকল্প মেলা ভার। সেই কারণে মেট্রো পরিষেবা যদি বন্ধ থাকে তাহলে শহর ও শহরতলির মানুষদের যে প্রবল ভোগান্তি হবে, তা বলাই বাহুল্য। চলতি সপ্তাহে দু’দিন মেট্রো পরিষেবা মিলবে না, এমনটাই জানাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

কোন দু’দিন চলবে না মেট্রো?

মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে খবর, আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। মেট্রো অপারেশনটি ব্যাক আপ কন্ট্রোল সেন্টার থেকে কন্ট্রোল সেন্টারে আনা হচ্ছে। সেই কারণেই এই কাজটি করার জন্য আগামী শুক্র ও শনিবার বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। তবে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে শুধুমাত্র ইস্ট-ওয়েস্ট শাখাতেই। অর্থাৎ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত শুক্র ও শনিবার হবে না মেট্রো চলাচল। বাকি রুটের মেট্রো চলবে এই দু’দিন।  

এই ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু হওয়ার ফলে উপকৃত হয়েছেন একাধিক মানুষ। অফিস টাইমে ব্যস্ত সময়ে শিয়ালদহ থেকে অফিস পাড়া সল্টলেকে যাতায়াত করা এখন অনেক সুবিধার হয়ে গিয়েছে। ফলে দু’দিন যদি এই শাখায় মেট্রো পরিষেবা বন্ধ থাকে, তাহলে বেশ ভোগান্তির মুখে পড়তে হবে অফিসযাত্রীদের।

প্রসঙ্গত, ২০২২ সালে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা শুরু হয়৷ এর আগে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত ট্রেন চলত৷ শিয়ালদহ থেকে সকাল ৬টা ৫৫ মিনিটে প্রথম মেট্রো ছাড়ে। আর সল্টলেক থেকে প্রথম মেট্রো ছাড়ে সকাল ৭টায়। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের উদ্দেশে রাত ৯টা ৩৫ মিনিটে শেষ মেট্রো ছাড়ে। অন্যদিকে, সেক্টর ফাইভ থেকে শিয়ালদহের উদ্দেশে মেট্রো ছাড়ে ৯টা ৪০ মিনিটে।

উল্লেখ্য, ইস্ট ওয়েস্ট মেট্রোয় গঙ্গার নীচ দিয়ে হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা কবে শুরু হবে। তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে৷ কমিশনার অফ রেলওয়ে সেফটি ওই অংশে বেশ কিছু পদক্ষেপ নেওয়া বাকি। জানা গিয়েছে, প্ল্যাটফর্মগুলিতে যাত্রী পরিষেবা সংক্রান্ত কিছু কাজ বাকি এখনও। গঙ্গার নিচে টানেলে ক্রস প্যাসেজ অংশে বেশ কিছু খামতি রয়েছে। তা দ্রুত সমাধান করা নির্দেশ দেওয়া হয়েছে। গঙ্গার নিচ দিয়ে মেট্রো চলাচল, এখন শুধুই সময়ের অপেক্ষা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর