হাইকোর্টের নির্দেশকে মানলই না পুলিশ, সন্দেশখালি যেতে ফের শুভেন্দুকে বাধা, সামনে পাঁচিল হয়ে দাঁড়াল পুলিশ

সন্দেশখালি যাওয়ার পথে ফের রাজ্য পুলিশের বাধার মুখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের নির্দেশকে মানলই না পুলিশ। ধামাখালিতে আটকানো হলে শুভেন্দুদের। আদালতের অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকা সত্ত্বেও সন্দেশখালির ১২ জায়গায় নতুন করে ১৪৪ ধারাও জারি করা হয়েছে বলে খবর।

গতকাল, সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দিয়ে জানিয়েছিলেন যে শুভেন্দু অধিকারী সন্দেশখালির নির্দিষ্ট কিছু জায়গায় যেতে পারেন। সেই নির্দেশের পর আজ, মঙ্গলবার সকালে সন্দেশখালির উদ্দেশে রওনা দেন শুভেন্দু। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি-র পাঁচ বিধায়ক শঙ্কর ঘোষ, বিশাল লামা, অগ্নিমিত্রা পাল, সুমিতা সিনহা রায় ও তাপসী মণ্ডলরাও।

কিন্তু এদিন সন্দেশখালি ঢোকার আগেই তাদের আটকানো হয় ধামাখালিতে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য। সেই কারণেই শুভেন্দুদের ফের আটকানো হয়েছে বলে জানা গিয়েছে। এদিন বিজেপি বিধায়কদের সামনে পাঁচিল হয়ে দাঁড়ায় রাজ্য পুলিশ।

এই ঘটনায় রাজ্য সরকারকে তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী। হাইকোর্টের নির্দেশকে অবমাননার অভিযোগ এনেছেন তিনি মমতা সরকারের বিরুদ্ধে। শুভেন্দু জানান, এক ঘণ্টার মধ্যে যদি তাঁকে যেতে দেওয়া না হয়, তাহলে তিনি ফের আদালতের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি শানান।  

এদিকে, আজ, মঙ্গলবার সন্দেশখালির উদ্দেশে রওনা দেন সিপিএম নেত্রী বৃন্দা কারাত। তাঁকেও আটকায় পুলিশ। বাধা পাওয়ার পর বৃন্দা বলেন, “কয়েকদিন আগে সন্দেশখালির মহিলারা আমায় জানিয়েছিলেন এখানে এসে তাঁদের সঙ্গে দেখা করে তাঁদের কথা শোনার জন্য। তবে পুলিশ ম্যাডাম বলছেন আমরা গেলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। এতদিন পুলিশ কোথায় ছিল যখন নারী নির্যাতন চলছিল”?

RELATED Articles