রান্না করতে গিয়ে লাগল আগুন, পুড়ে ভস্মীভূত লেকটাউনের জয়া সিনেমা হল

ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হল কলকাতা। ‌আজ রাত ৯ টা ১৫ নাগাদ আগুন লাগে লেকটাউনের মিনি জয়া সিনেমা হলে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে যে গোটা হলটি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

সূত্র মারফত জানা গেছে রাত ৯ টা ১৫ মিনিট নাগাদ এই আগুন লাগে। সিনেমা হলের চার তলায় আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে দমকলের ১৫ টি ইঞ্জিন। দমকল মন্ত্রী সুজিত বসু যিনি আবার ওই এলাকার বিধায়ক তিনি এসে পৌঁছেছেন ঘটনাস্থলে।

স্থানীয় বাসিন্দাদের এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় অগ্নিকাণ্ডের উৎস স্থলে পৌঁছতে পেরেছেন দমকল কর্মীরা। দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন হলের দারোয়ানের স্ত্রী যখন রান্না করছিলেন তখন অসাবধানতাবশত আগুন লেগে গেছে।

শেষ পাওয়া খবরে অনুযায়ী আগুন অনেকটাই আয়ত্তে আনা গিয়েছে তবে হল কর্মীরা দাবি করছেন পুরো হলটি এই আগুনে পুড়ে গেছে। কতটা কী ক্ষতি হয়েছে তা এখনই জানা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির পরিমাণ দিনের আলো ফুটলে বোঝা যাবে।

RELATED Articles