গত ৭ই মার্চ বিজেপির ব্রিগেডে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের হাত থেকে গেরুয়া শিবিরে যোগ দেন মিঠুন চক্রবর্তী। বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁকে অনেক সমালোচনার মুখে পড়তে হলেও সেসবই তিনি বেশ দক্ষতার সঙ্গেই সামলেছেন। বিজেপিতে যোগ দেওয়ার পরই জল্পনা শুরু হয়, মহাগুরু কী ভোটে লড়তে চলেছেন? তবে এবার সেই সম্ভাবনা দেখা দিয়েছে।
অনেকেই আবার মনে করছিলেন, মিঠুনই হয়ত হবেন বিজেপির পক্ষে মুখ্যমন্ত্রীর মুখ। তিনি ভোটে দাঁড়াচ্ছেন কী না, তা তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন সময়ে সব দেখা যাবে। মাঝে এও শোনা গিয়েছিল যে কলকাতারই কোনও এক কেন্দ্র থেকে ভোটের প্রার্থী হতে পারেন মিঠুন। তবে তাঁর এই রাজ্যের ভোটার কার্ড নেই। তাই মুম্বইতেও উড়ে গিয়েছিলেন তিনি ভোটার কার্ডে সংশোধন আনতে।
এবার শোনা যাচ্ছে, কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র থেকেই আসন্ন নির্বাচনের প্রার্থী হতে পারেন মহাগুরু। সূত্রের খবর অনুযায়ী, রাজা মণীন্দ্র রোডে তাঁর তুতো বোনের বাড়িকে নিজের বসত বাড়ি বলে ভোটার কার্ড বানিয়েছেন মিঠুন চক্রবর্তী। সেখানে তাঁর বোন থাকেন। মহাগুরু কলকাতায় এলে সেই বাড়িতেই থাকেন। এখানকার নীল সরস্বতী অর্থাৎ কালী মায়ের মূর্তিতে পুজো দেন তিনি।
জানা গিয়েছে, কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র থেকে তরুণ সাহাকে প্রার্থী নির্বাচন করা নিয়ে সমস্যা দেখা দিয়েছে। বিক্ষোভ দেখিয়েছেন সেখানকার মানুষ। এই কারণে ওই কেন্দ্র থেকে মিঠুন চক্রবর্তীকে প্রার্থী করার কথা ভাবছে গেরুয়া শিবির।





