কলকাতায় পা রাখলেন রাজ্যের নতুন রাজ্যপাল সিভি আনন্দ, বিমানবন্দরেই তাঁকে দেওয়া হল গার্ড অফ অনার

রাজ্যে পা রাখলেন বাংলার নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Anand Bose)। আগামীকাল, বুধবার রাজ্যপাল (Governor) হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি। আজ, মঙ্গলবার সকালে দমদম বিমানবন্দরে পৌঁছন তিনি। তাঁকে স্বাগত জানান রাজ্য মন্ত্রিসভার (cabinet) সদস্যরা। বিমানবন্দরেই তাঁকে দেওয়া হল গার্ড অফ অনার (Guard of Honor)।

আগেই শপথগ্রহণের দিন ঠিক হয়েছিল। এবার আজ, মঙ্গলবার সকালে বিমানবন্দরে পৌঁছন সিভি আনন্দ বোস। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী- শশী পাঁজা ও ফিরহাদ হাকিম। ছিলেন ডিজিপি মনোজ মালব্য, কলকাতার নগরপাল বিনীত গোয়েল ও মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী।

এদিন বিমানবন্দরেই রাজ্যপালের হাতে তুলে দেওয়া হয় ফুলের স্তবক। সম্মান জানিয়ে গার্ড অফ অনারও দেওয়া হয় তাঁকে। এরপর রাজভবনের উদ্দেশে রওনা দেন নয়া রাজ্যপাল। সূত্রের খবর, সেখানেই মন্ত্রিসভার সদস্যদের আলাপচারিতা পর শপথগ্রহণ সময় নির্ধারিত হতে পারে। 

সপ্তাহ দুয়েক আগেই বাংলার নতুন রাজ্যপাল হিসেবে সি ভি আনন্দ বোসের নাম ঘোষণা করা হয় রাষ্ট্রপতি ভবনের তরফে। ২০শে নভেম্বর অর্থাৎ আগামীকাল রাজ্যপাল হিসেবে শপথ নেবেন তিনি। রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত চরমে উঠেছিল।

সংঘাত শুরু হয় টুইট যুদ্ধ দিয়ে। কিন্তু তা গড়ায় তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পর্যন্ত। তৃণমূলের লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তৎকালীন রাষ্ট্রপতির কাছে সরাসরি আবেদন জানান যাতে ধনখড়কে রাজ্যপালের পদ থেকে সরানো হয়। একই দাবী জানায় তৃণমূলও।

এরপরই আচমকাই উপ-রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী হন জগদীপ ধনখড়। নির্বাচনও হন তিনি। বিগত কয়েকমাস ধরে রাজ্যে অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন মেঘালয়ের রাজ্যপাল লা গণেশন। তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক গড়ে ওঠে। তবে লা গণেশনকে নিয়ে অভিযোগ ছিল বিজেপির। এরপরই রাজ্যের স্থায়ী রাজ্যপালের নাম ঘোষণা করা হয়। এবার দেখার নতুন এই রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী ও শাসক দলের সম্পর্ক কেমন হয়।

RELATED Articles