বড় সুখবর! রাত বাড়লে আর চিন্তা নেই যাত্রীদের, এবার রাত ১১টার পরও চলবে মেট্রো, কবে থেকে শুরু পরিষেবা, জেনে নিন

একটু রাত হলেই যাত্রীদের চিন্তা বাড়তে থাকে, মেট্রো পাব তো? শেষ মেট্রো ধরার জন্য রীতিমতো ছুট লাগাতে হয়। এমন অনেক অফিস-কাছারিই রয়েছে, যেখানে রাত ১০টা পর্যন্তও কাজ হয়। সেক্ষেত্রে কর্মীরা মেট্রো করে বাড়ি ফেরার কথা ভাবতেও পারেন না। ফলত বাড়ি ফিরতে আরও দেরি হয়। তবে এবার দুশ্চিন্তা কাটতে চলেছে যাত্রীদের। এবার রাত ১১টার পরও মিলবে মেট্রো, এমনটাই খবর কলকাতা মেট্রোরেল তরফে।

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ঘোষণা করলেন, এবার থেকে ব্লু লাইনে চালু হচ্ছে বিশেষ মেট্রো পরিষেবা। এবার থেকে রাত ১১টার পরও মেট্রো পাবেন যাত্রীরা। আপ ও ডাউন দুই লাইনের চলবে রাত ১১টার মেট্রো। রাত ১১টায় কবি সুভাষ ও দমদম মেট্রো স্টেশন থেকে ছাড়বে শেষ মেট্রো। সেই মেট্রো প্রত্যেক স্টেশনেই দাঁড়াবে বলে জানান মেট্রো আধিকারিক।

জানা গিয়েছে, সোম থেকে শুক্র চালানো হবে এই মেট্রো। আজ, শুক্রবার থেকেই চালু হচ্ছে এই নতুন পরিষেবা। আপাতত এক সপ্তাহ পরীক্ষামূলকভাবে চালানো হবে রাত ১১টার পর মেট্রো। যদি দেখা যায়, যাত্রী সংখ্যা ভালোই হচ্ছে, তাহলে মেট্রো সংখ্যা পরবর্তীতে বাড়িয়ে তা পুরোদমে চালু করা হবে। প্রত্যেক স্টেশনেই একটি একটি করে টিকিট কাউন্টার খোলা থাকবে রাতের মেট্রোর জন্য।  

কলকাতা মেট্রোর নিয়ম অনুযায়ী, এতদিন সোম থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়ত রাত ৯টা ২৮ মিনিটে। তা কবি সুভাষ পৌঁছয় রাত ১০টা ২৯ মিনিটে। অন্যদিকে, কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়ে ৯টা ৪০ মিনিটে আর তা দমদম পৌঁছয় ১০টা ২৯ মিনিটে। তবে এবার শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়।   

বলে রাখি, কিছুদিন আগেই মেট্রোর সময় বাড়ানো নিয়ে কলকাতা হাইকোর্ট কলকাতা মেট্রো কর্তৃপক্ষকে বিবেচনা করে দেখতে বলেছিল। অফিসযাত্রীদের কথা মাথায় রেখেই মেট্রোর সময় বাড়ানোর জন্য আবেদন করা হয় আদালতে। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমও বলেছিলেন, এটা খুব দরকারি। এও প্রশ্ন করা হয়েছিল, দেশের অন্যান্য মেট্রো শহরে এত তাড়াতাড়ি মেট্রো পরিষেবা শেষ হয় না। তাহলে কলকাতায় কেন? মেট্রোর তরফে সেই সময় জানানো হয়েছিল, প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে মেট্রোর সময়সীমা বাড়ানো সম্ভব হচ্ছে না। তবে এবার বাড়ল মেট্রোর সময়।    

RELATED Articles