এবার করোনা পরীক্ষা করা হল আরও সহজ। বাড়িতে বসেই মাত্র ১৫ মিনিটেই জানুন করোনার রিপোর্ট, তাও মাত্র ২৫০ টাকায়। এমনই ঘোষণা করল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। তবে এই পরীক্ষা করার জন্য মেনে চলতে হবে বেশ কিছু নির্দেশিকা।
আইসিএমআর থেকে স্পষ্ট জানানো হয়েছে যে যাদের মধ্যে করোনার উপসর্গ রয়েছে বা যারা কোনও করোনা পজিটিভ ব্যক্তির সংস্পর্শে এসেছে তাদেরই এই পরীক্ষা করা উচিত। নির্বিচার পরীক্ষা না করারই পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। এছাড়া যারা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পরীক্ষায় নেগেটিভ ফল পেয়েছেন তাদেরো আরটিপিসিআর পরীক্ষা করার কথা বলা হয়েছে।
এই CoviSelfTM COVID-19 OTC Antigen LF ডিভাইসটি তৈরি করেছে পুনের মাইল্যাব জিসকভারি সলিউশনস লিমিটেড। একটি অ্যাপে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে। সেই অ্যাপের মাধ্যমেই হবে পরীক্ষা। গুগল প্লে স্টোর ও অ্যাপেল স্টোর থেকে এই অ্যাপ পাওয়া যাবে। আইসিএমআর বলেছে, এই অ্যাপ গাইডের কাজ করবে। স্ট্রিপের মাধ্যমে পরীক্ষা করা হয়ে গেলে অ্যাপ যে মোবাইলে রয়েছে তার মাধ্যমেই একটি ছবি তুলে আপলোড করতে হবে। সেটি সরাসরি আইসিএমআর কোভিড-১৯ টেস্টিং পোর্টালে চলে যাবে। সেখানে সঞ্চিত থাকবে তথ্য।
আরও পড়ুন- টিকার ককটেল! অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের পর ফাইজারের টিকা নিলেই করোনার বিনাশ, নতুন তথ্য গবেষণায়
জানা গিয়েছে, এই পরীক্ষায় সম্পূর্ণ গোপন রাখা হবে রোগীর সব তথ্য। এই হোম টেস্ট কিটগুলির মাধ্যমে বাড়িতেই করোনা পরীক্ষা করা গেলে ল্যাবগুলির উপর চাপ কমবে। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ২০ লক্ষ ৮ হাজার ২৯৬ জনের। তবে ভারতে পরীক্ষার পরিস্থিতি এখনও পূর্ণ নয়। কারণ হিসাব মতো প্রতিদিন ৩৩ লক্ষ করোনা পরীক্ষা হওয়ার কথা। কিন্তু করোনা পরীক্ষা গড়ে ১৮ লক্ষের উপরও পৌঁছয়নি।
তবে বিশেষজ্ঞদের মতে, জুলাই মাসে কমে যাবে করোনার দ্বিতীয় ঢেউ। কিন্তু তাতে স্বস্তির কিছু নেই। কারণ এরপর আসতে চলেছে করোনার তৃতীয় ঢেউ। তবে তার আগে ৬ থেকে ৮ মাস সময় পাওয়া যাবে বলে মনে করছেন তাঁরা। ভারত সরকারের বিজ্ঞান মন্ত্রকের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ এই অনুমানের কথা জানানো হয়েছে।





