দমদমে বিজেপির অন্দরে গোষ্ঠী কোন্দল চরমে, দলীয় কার্যালয়ে সবুজ রং করে দিলেন বিজেপি কর্মীরাই

আগামী বছর বিধানসভা নির্বাচনের আগেই বিভিন্ন দলের মত বিজেপির অভ্যন্তরেও গোষ্ঠী কোন্দলের কথা উঠে আসছে। এবার দলের বিক্ষোভ এমন জায়গায় পৌঁছাল যে দলীয় কার্যালয়ের রং গেরুয়া থেকে সবুজ করে দিলেন বিজেপি কর্মীরাই! বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে সরগরম দমদম নাগেরবাজারের ছাতাকল এলাকা।

বিজেপি কর্মীদের মূল ক্ষোভ দমদমের জেলা সভাপতি কিশোর করের বিরুদ্ধে। গতকাল কিশোর বাবুর তরফে দমদম, কামারহাটি, রাজারহাট নিউটাউন এবং রাজারহাট গোপালপুর-এর সমস্ত মন্ডল গুলির নতুন সভাপতির তালিকা ঘোষণা করা হয়। সেখানে নাগেরবাজারের ছাতাকলে দমদম দক্ষিণ মন্ডলের আগের সভাপতি রাজীব অধিকারিকে জেলা সম্পাদক করার ফলে নতুন মন্ডল সভাপতি করে নিয়ে আসা হয় সাধারণ বিজেপি কর্মী রাখি চক্রবর্তীকে। এই তালিকা দেখার পর থেকেই ক্ষোভ শুরু হয় দলের পুরোনো কর্মীদের মধ্যে। তাদের বক্তব্য, যারা তিন দশক ধরে দলের সঙ্গে রয়েছেন তাদেরকে গুরুত্ব না দিয়ে রাতের অন্ধকারে নিজের ঘনিষ্ঠ লোকদের পদে বসিয়েছেন কিশোর বাবু। তাদের গুরুতর অভিযোগ কিশোর কর টাকা নিয়ে দলীয় পদ নতুন বিজেপি কর্মীদের কাছে বিক্রি করছেন! এই নিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে অভিযোগ জানানো হলেও তিনি গুরুত্ব দেননি বলে দাবি তাঁদের। এই পুরনো কর্মীদের অধিকাংশই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তপন শিকদারকে দেখে রাজনীতি করতেন। সেখানে তাদেরই অবমাননা নিজেরা কেউই মেনে নিতে পারছেন না।

ফলস্বরূপ আজ সকালের প্রতিবাদে দমদমের ছাতাকলের দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেন পুরনো বিজেপি কর্মীরা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর ব্যানার সরিয়ে দেওয়া হয় এবং দলের পোস্টার ও পতাকা খুলে ফেলা হয়। আঠাশ বছরের পুরনো এই পার্টি অফিসের রঙ গেরুয়া থেকে সবুজে পরিণত হয় তাদের হাতে।

যদিও জেলা সভাপতি কিশোর করের বক্তব্য, নতুন কমিটিতে পুরনো লোক রয়েছে। যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের সঙ্গে তিনি কথা বলবেন। অর্থ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে তা প্রায়শই দলে উঠে থাকে। তবুও তাঁর কথায় সায় দেননি পুরনো বিজেপি কর্মীরা। তারা তাদের বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

RELATED Articles

Leave a Comment