বহাল থাকল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই, সিবিআই জেরা করতে পারে অভিষেককে, সঙ্গে ২৫ লক্ষ টাকার জরিমানা, জানাল আদালত

এবার বেশ সমস্যার মুখে পড়লেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুন্তল ঘোষের চিঠি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন, সেটাই বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। অর্থাৎ কুন্তলের চিঠি কাণ্ডে সিবিআই জেরা করতে পারে অভিষেককে। এরই সঙ্গে অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকার জরিমানা করেছে কলকাতা হাইকোর্ট।

গত মাসের প্রথমের দিকে কুন্তল ঘোষ চিঠি লিখে অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তাঁর উপর নাকি চাপ দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য। এই বিষয়টিতে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করানো হয়। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইডি-সিবিআইকে নির্দেশ দেন যাতে কুন্তল ও অভিষেককে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়।

সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক। সেখানে স্বস্তিও মেলে তাঁর। অভিষেকের জেরায় স্থগিতাদেশ দেওয়া শীর্ষ আদালত। এই মামলা থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট যা নিয়ে গোটা বাংলায় তোলপাড় শুরু হয়। এই মামলাটি ওঠে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।

আগের দিনই এই সংক্রান্ত মামলায় বিচারপতি সিনহা বলেছিলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তদন্তে সহযোগিতা করতে সমস্যা কোথায়? যে কোনও কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে তদন্তকারী সংস্থা”। যদিও সেই সময় কোনও নির্দেশ দেয়নি বিচারপতি সিনহা। তবে আজ বৃহস্পতিবার সেই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখার নির্দেশ দিলেন বিচারপতি সিনহা।

এখনও পর্যন্ত আদালতের এই নির্দেশের প্রতিলিপি মেলেনি, তবে অনুমান করা হচ্ছে, আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে ২৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

প্রসঙ্গত, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করার জন্য সিবিআই নোটিশ পাঠিয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট অন্তবর্তী স্থগিতাদেশ দেওয়ায় সেই নোটিশ কার্যকর হয়নি। তবে আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের নির্দেশের পর অভিষেককে নোটিশ পাঠাতে আর কোনও কোনও বাধা থাকল না সিবিআইয়ের। তবে এবার দেখার, বিচারপতি অমৃতা সিনহার এই নির্দেশকে চ্যালেঞ্জ করেও অভিষেক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কী না!

RELATED Articles