নতুন অর্থবর্ষ থেকেই চালু হচ্ছে নতুন পার্কিং ফি। এতদিন পর্যন্ত দু’চাকা গাড়ি জন্য এক ঘণ্টার পার্কিং ফি ছিল ৫ টাকা যা পয়লা এপ্রিল থেকে বেড়ে দাঁড়াবে ১০ টাকায়। চার চাকা গাড়ির জন্য এতদিন ঘণ্টা পিছু পার্কিং ফি দিতে হত ১০ টাকা। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে তা দিতে হবে ২০ টাকা। একইভাবে বাস ও লরির ক্ষেত্রেও এবার থেকে ঘণ্টা পিছু পার্কিং ফি ২০ টাকা থেকে বেড়ে দাঁড়াল ৪০ টাকায়।
পুরসভার তরফে জানানো হয়েছে যে প্রথম দুঘণ্টা ফি একই থাকবে। তবে দু’চাকা গাড়ি পার্কিং লটে ৩ ঘণ্টা থাকলেই দিতে হবে ৪০ টাকা। ৪ ঘণ্টার জন্য ৬০ টাকা এবং ৫ ঘণ্টার জন্য ৮০ টাকা দিতে হবে। দু’চাকা গাড়ি রাখার সময়সীমা ৫ ঘণ্টা পেরিয়ে গেলেই ঘণ্টা পিছু ৫০ টাকা গুনতে হবে।
আবার চারচাকা গাড়ির ক্ষেত্রে ২ ঘণ্টার জন্য ৪০, ৩ ঘণ্টার জন্য ৮০ এবং ৪ ঘণ্টার জন্য ১২০ ও ৫ ঘণ্টার জন্য ১৬০ টাকা গুনতে হবে। চারচাকা গাড়ির ক্ষেত্রেও ৫ ঘণ্টার বেশি সময় সময় পেরিয়ে গেল ঘণ্টা পিছু দিতে হবে ১০০ টাকা। অন্যদিকে, ৪ ঘণ্টা বাস বা লরি রাখার জন্য নেওয়া হবে ২৪০ টাকা করে। আর ৫ ঘণ্টা পার হলেই ঘণ্টা পিছু দিতে হবে ২০০ টাকা।
রাস্তায় যদি অতিরিক গাড়ি পার্ক করা হয়, তাহলে যান চলাচলের জায়গা কমে যায়। এর জেরে যান চলাচলের গতি কমে সৃষ্টি হয় যানজটের। এর ফলে দূষণও বাড়ে। অতিরিক্ত সময় পার্কিং লটে গাড়ি রাখার প্রবণতা কমানোর জন্যই বর্ধিত হাড়ে পার্কিং ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।
পুরকর্তাদের মতে, পার্কিং ফি যদি বাড়ে, তাহলে রাস্তায় গাড়ি বের করার প্রবণতাও কমবে। এর জেরে বাতাসের দূষণের পরিমাণ কমবে। বর্তমানে শহরে পাঁচশোর বেশি রয়েছে গাড়ি রাখার ট্রেস। তিন-চারটি ট্রেস মিলিয়ে এক একটি পার্কিং লট০ ধরা হয়। সেই হিসেবে গোটা কলকাতা মিলিয়ে প্রায় সাড়ে ১৫ হাজার গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে।





