ফের রাজ্যে ঘনাচ্ছে দুর্যোগের ঘনঘটা। পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের একবার বঙ্গে বেশ জোরালো ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বঙ্গে, এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
ঘণ্টায় প্রায় ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এই দু’দিন, এমনটাই জানা গিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কোথাও কোথাও আবার শিলাবৃষ্টিও হতে পারে। রাজ্যের সব জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৩রা এপ্রিল থেকে ধীরে ধীরে উন্নতি ঘটবে আবহাওয়ার।
এমন ঝড়বৃষ্টির জেরে গরমের হাঁসফাঁসানি কমবে। গত সপ্তাহের শেষেও ঝড়বৃষ্টি হয়েছে রাজ্যে। আর এই সপ্তাহান্তেও তাই। গত চারদিন ধরে গরমের দহন জ্বালা সহ্য করেছে বঙ্গবাসী। এবার সপ্তাহান্তের বৃষ্টির জেরে স্বস্তির নিঃশ্বাস ফেলবে মানুষ। এমনিতেই গতকাল, বৃহস্পতিবার রাতে বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই কমেছে। আকাশে মেঘ, শিরিশিরি বাতাসের জেরে আবহাওয়া বেশ মনোরম।
আবহবিদদের মতে, আজ, শুক্রবারও সন্ধ্যার পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে আগামী দু-তিন দিন একই রকম আবহাওয়া থাকবে।
জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে ঝড়বৃষ্টি হবে। ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। আগামীকাল, শনিবারও দুর্যোগের সম্ভাবনা থেকেই যাচ্ছে। তবে তা শুক্রবারের থেকে খানিকটা কম হবে বলে মত আবহবিদদের। শুধু দক্ষিণই নয়, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেও শুক্র ও শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর।





