‘মমতার অবস্থাও রাহুলের মতোই হবে, পরবর্তী মুখ্যমন্ত্রী বেছে রাখুন’, মমতাকে ফের বেলাগাম আক্রমণ দিলীপের

রামনবমীতে হাওড়ায় উত্তেজনার জেরে পরিবেশ এখন থমথমে। সেই উত্তেজনা নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের একবার বাক্যবাণে বিঁধলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের নানান ইস্যু সর্বোপরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানালেন তিনি।

আজ, শুক্রবার খড়গপুরে নিজের বাংলো থেকেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, মমতা চাইছিলেনই যে রামনবমীতে একটা উত্তেজনা হোক। দিলীপের কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বাংলায় সাম্প্রতিক উত্তেজনা হোক। তাতে ওঁর রাজনৈতিক সুবিধা হবে। ওঁর দলের মুসলিম ভোট কমে যাচ্ছে। সংখ্যালঘুদের কাছে টানতেই তাই নানা সময় উস্কানিমূলক মন্তব্য করছেন তিনি”।

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে ৩০ ঘণ্টার ধর্না অবস্থান করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধর্না মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করেন তিনি। মমতা বলেছিলেন, “বিজেপিকে কেয়ার করি না”। এবার সেই আক্রমণেরও জবাব দিলেন দিলীপ ঘোষ।

মেদিনীপুরের সাংসদের কথায়, “বিজেপিকে কেয়ার করার দরকার নেই। সাধারণ মানুষের খেয়াল করুন। যারা আপনার সরকার চালাচ্ছে, সরকারি কর্মচারী থেকে আন্দোলনকারীদের খেয়াল রাখুন। বিজেপি সাধারণ মানুষের খেয়াল রাখে না। দিল্লি যাওয়ার সাহস নেই, কলকাতা অচল করারও ক্ষমতা নেই। কলকাতা অচল করে দিচ্ছে সাধারণ মানুষ। ওঁর দলের নেতারা যেখানেই যাচ্ছেন ‘চোর চোর’ শব্দ শুনছেন। চারিদিকে জয় শ্রীরাম হচ্ছে। আর সেই কারণেই দিল্লি যাওয়ারও মুখ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের”।

আদালতে একের পর এক মামলার জেরে রাজ্য সরকার বেশ ব্যাকফুটে। সেই প্রসঙ্গ টেনেও তীব্র আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এখন সরকার বাঁচাতে, নেতা বাঁচাতে এখন কোর্টের চক্কর কাটছেন। যেই আদালতেই যাচ্ছেন সেখানেই মুখ পুড়ছে। আদালত সিবিআই দিচ্ছে কারণ। রাজ্যের উপর আস্থা নেই। মুম্বইতে জাতীয় সঙ্গীতের অবমাননার কেস চলছে মুখ্যমন্ত্রী বিরুদ্ধে। রাহুল গান্ধীর মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সদস্যপদ চলে যেতে পারে। আগামী দিনে কে মুখ্যমন্ত্রী হবে সেটা ঠিক করে রাখুন”।

RELATED Articles