ভার্চুয়াল জনসভার মঞ্চ থেকে সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সেই ডাককেই কটাক্ষ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে তিনি নিজস্ব ভঙ্গীতেই বিজেপির বিরুদ্ধে ব্যাটিং করেন । তাঁর প্রশ্ন, সোনার বাংলা গড়ার প্রক্রিয়া কি শুরু হবে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার মাধ্যমে?
এদিন পার্থবাবু বলেন, ‘যিনি সোনার বাংলা গড়ার ডাক দিচ্ছেন তাঁর সামনেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। সোনার বাংলা গড়ার নামে এরা বাংলার সংস্কৃতিকে ভেঙে দিচ্ছে। তাদের দলের নেতা বলেন, বিদ্যাসাগর সহজ পাঠ লিখেছিলেন।’
তৃণমূল মহাসচিবের আরও দাবি, ‘বাংলার মানুষের বিপদের সময় তার পাশে থেকেছে তৃণমূল। মানুষকে বাঁচানোই তৃণমূলের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। সেজন্য পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’
পার্থ’র ক্ষোভ ‘পশ্চিমবঙ্গের মানুষ যখন বিপন্ন তখন কোটি কোটি টাকা খরচ করে ভার্চুয়াল জনসভা করছেন বিজেপির অমিত শাহ।’ পার্থ বাবু বলেন, ‘বাংলার মানুষের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন। তাই এই মাসে চাল-ডালের সঙ্গে পড়ুয়াদের মাস্ক ও সাবান বিনামূল্যে দেবে রাজ্য সরকার।’






