অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, ‘নেত্রী ঠিকই বলেছেন’, ভুবনেশ্বর থেকে কলকাতায় ফিরে বললেন পার্থ

ভুবনেশ্বর এইমস (Bhubaneshwar AIIMS) তাঁকে ভর্তি নেয় নি। সেখানকার চিকিৎসক জানিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) কিছু শারীরিক সমস্যা রয়েছে বটে, কিন্তু তা এমনও কিছু সিরিয়াস নয় যার জন্য তাঁকে ভর্তি রাখতে হবে। এর জেরে এবার কলকাতায় ফিরলেন শিল্পমন্ত্রী।

পার্থর গ্রেফতারি নিয়ে মুখ খুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “বিচারে আইন যা রায় দেবে, আমাদের দল মেনে নেবে। বিচারে যত চরমই শাস্তি হোক, আমরা কোনও হস্তক্ষেপ করব না। যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড”। আজ, মঙ্গলবার সকাল ৬টা ৩৪ মিনিট নাগাদ ভুবনেশ্বর থেকে কলকাতা নিয়ে আসা হয় পার্থকে। বিমানবন্দর থেকে হুইল চেয়ারেই বেরোন তিনি। সেই সময় মমতার মন্তব্য নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ঠিকই বলেছেন”।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর গতকাল, সোমবার নজরুল মঞ্চে ছিল বঙ্গ সম্মান প্রদানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে পার্থর গ্রেফতারি নিয়ে প্রথমবার মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কেউ অন্যায় করে থাকলে কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নিক। আমার আইন-আদালতের উপর ভরসা আছে”।

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমি চাই, তিন মাসের মধ্যে বিচার করে দোষীদের শাস্তি দাও। সত্যির বিচার হোক। এই ঘটনা কেউ করতে পারে বলে আমি নিজেও বিশ্বাস করি না। ঘটনা না রটনা— সেটার বিচার হবে। বিচারে আইন যা রায় দেবে, আমাদের দল মেনে নেবে। বিচারে যত চরমই শাস্তি হোক, আমরা কোনও হস্তক্ষেপ করব না। যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড”।

মমতা এদিন স্পষ্ট জানিয়ে দেন যে যিনিই দোষী প্রমাণিত হন না কেন, তিনি তাঁকে ছাড়বেন না। তবে এর আগে তিনি তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে চান না। তবে মমতার এই বক্তব্যের পর বিরোধী শিবিরের পাল্টা মন্তব্য যে এমন কথা বলে মুখ্যমন্ত্রী নিজের ও দলের দায় ঝেড়ে ফেলে পার্থর উপর দায় চাপাতে চাইছেন।

উল্লেখ্য, এর আগেও পার্থর গ্রেফতারির পর এক সাংবাদিক সম্মেলনে তৃণমূলের তরফে বলা হয়েছিল যে পার্থ যদি দোষী প্রমাণিত হন, তাহলে তাঁর বিরুদ্ধে দল কঠোরতম ব্যবস্থা নেবে।

RELATED Articles