কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জের, বন্ধ চিকিৎসা পরিষেবা, হাইকোর্টের দ্বারস্থ রোগীর পরিজনরা

কলকাতা মেডিক্যাল কলেজ হাসাপাতালে বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এই বিক্ষোভের জেরে বন্ধ আউটডোর, সেন্ট্রাল ল্যাবরেটরি। রোগীর চিকিৎসায় ঘটছে ব্যাঘাত। এই কারণে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন রোগীর পরিজনরা।

তাদের দাবী, রোগী ও রোগীর পরিজনদের পুলিশি নিরাপত্তা দেওয়া হোক, তাদের হাসপাতালে প্রবেশ করতে দেওয়া হোক ও আউটডোরের দরজা খুলে দেওয়া হোক। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন তারা। বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এই মামলা দায়ের হয়েছে। আগামীকাল, বুধবার এই মামলার শুনানি রয়েছে।

ছাত্র সংসদের নির্বাচনের দাবীতে কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, এম‌এসভিপি-সহ বিভাগীয় প্রধানদের ঘেরাও করে রাখার অভিযোগ ওঠে। গতকাল, সোমবার ছাত্র সংসদ নির্বাচনের দাবীতে মেডিক্যাল কলেজের অধ্যক্ষের অফিস ঘেরাও করেন জুনিয়র চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়াদের একাংশ। করিডরেও বসে বিক্ষোভ দেখানো হয়। সুপার রাতভর ঘেরাও হয়ে ছিলেন বলে জানা গিয়েছে।

আজ, মঙ্গলবার সকালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। জুনিয়র চিকিৎসকরা আউটডোরে যান নি এদিন। এর জেরে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও চিকিৎসা পান নি কেউ। এর জেরে ক্ষুব্ধ হন রোগী ও রোগীর পরিজনরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বিক্ষোভ শুরু হয়। কিছুক্ষণ পর গেটের তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন তারা। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তারা।

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে রোগীর পরিজনরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। পুলিশি নিরাপত্তা চেয়ে ও বিক্ষোভ তুলে হাসপাতালে ঢোকার অনুমতি চেয়ে আদালতে মামলা করেন তারা। সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার এই হালের জেরে তা গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিচারপতি। আগামীকাল, বুধবার এই মামলার শুনানি রয়েছে।  

RELATED Articles