ঋণের বোঝায় রাজ্য এখন ডুবে রয়েছে। রাজ্যের তরফে বারবার অভিযোগ করা হয়েছে যে কেন্দ্র সরকার বকেয়া মেটাচ্ছে না। আবার আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতে পারেনি রাজ্য সরকার। কিন্তু এমন আবহে দুর্গাপুজোর জন্য ৪৩ হাজার ক্লাবকে ৬০ হাজার টাকার অনুদান দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই সিদ্ধান্তের বিরোধিতা করেই কলকাতা হাইকোর্টে দায়ের করা হল জনস্বার্থ মামলা।
আইনজীবীদের একটি সংগঠনের তরফে এই মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। আজ, বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি এই মর্মে করা জনস্বার্থ মামলা দায়েরের অনুমতিও দিয়েছেন বলে জানা গিয়েছে। এই মামলার যাতে দ্রুত শুনানি হয়, এমনটাই আর্জি জানানো হয়েছে। আগামী শুক্রবার এই মামলার শুনানি রয়েছে।
করোনা পরিস্থিতি গত দু’বছর ক্লাবগুলিকে দুর্গাপুজোয় ৫০ হাজার টাকার অনুদান দেয় রাজ্য সরকার। তবে এই বছর তা বাড়িয়ে ৬০ হাজার করা হয়েছে। গত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু অনুদানই নয়, বিদ্যুতের বিলেও ৬০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
মমতার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিরোধী দলগুলি। তোপের মুখে পড়েছে তৃণমূল। বিরোধীদের অভিযোগ, খয়রাতি করার সময় রাজ্য সরকারের টাকার অভাব হয় না। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের মতে রাজ্যের এই সিদ্ধান্ত ‘দিশাহীন’। এমনকি, ক্লাবগুলিকে এই টাকা না দিয়ে সেই টাকা দিয়ে কী কী উন্নতি করা যেত, সেই হিসাবও তুলে ধরা হয়েছে।
হিসেব করে দেখলে দেখা যাবে ৪৩ হাজার ক্লাবকে ৬০ হাজার টাকা করে দেওয়া মানে ২৫৮ কোটি টাকার অনুদান। একদিকে যখন রাজ্য সরকার আর্থিক সংকটের জন্য সরকারি কর্মীদের প্রাপ্য ডিএ দিতে পারছে না, সেই জায়গায় দাঁড়িয়ে এত কোটি কোটি টাকার খয়রাতি কীভাবে করতে পারে, সেই নিয়ে উঠেছে প্রশ্ন। রাজ্যের এই সিদ্ধান্তের বিরোধিতা করেই এবার কলকাতা হাইকোর্টে দায়ের করা হল জনস্বার্থ মামলা। এবার এই মামলার শুনানিতে আদালত কী রায় দেয়, এখন সেটাই দেখার।





