কলকাতার বুকে ফের নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। শহরের বুকে দাঁড়িয়ে থানার সামনে পড়ে থাকা পুলিশেরই গাড়ি চুরি হয়ে গেল, আর কেউ কিছু বুঝতেই পারল না! গা ছমছমে এই ঘটনার জেরে রীতিমতো তৎপর হয়েছে কলকাতা পুলিশ। সাধারণ নাগরিক তো বটেই, এবার নিজেরাও নিরাপত্তাহীন বোধ করছেন থানার আধিকারিকেরা।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে, যখন প্রগতি ময়দান থানার সামনে নির্দিষ্ট জায়গায় রাখা ছিল এক লাল রঙের টাটা সুমো গাড়ি। এই গাড়িটিই থানার ওসির জন্য বরাদ্দ। বিকেল ৫টা ২৫ মিনিট নাগাদ নজরে আসে, গাড়িটি আর সেখানে নেই। সঙ্গে সঙ্গে শুরু হয় খোঁজাখুঁজি। থানার চত্বর এবং সংলগ্ন এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করে পুলিশ।
সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, এক কমলা টি-শার্ট ও হাফ প্যান্ট পরিহিত যুবক থানার সামনে ঘোরাঘুরি করছিলেন। হঠাৎই তিনি গাড়িতে উঠে বসেন এবং সেটি চালিয়ে নিয়ে যান। কেউ কিছু টেরও পাননি সেই মুহূর্তে। এই দৃশ্য দেখে অবাক হয়ে যান তদন্তকারীরা। তারপরই সেই যুবকের খোঁজে সক্রিয় হয় ট্র্যাফিক কন্ট্রোল রুম।
যুবকের বর্ণনা এবং গাড়ির বিবরণ জানিয়ে তৎপরতার সঙ্গে যোগাযোগ করা হয় শহরের বিভিন্ন ট্র্যাফিক পয়েন্টে। শেষমেশ কসবা থানার সামনে সন্দেহজনকভাবে দাঁড় করানো অবস্থায় গাড়িটি দেখতে পান কর্তব্যরত পুলিশকর্মীরা। গাড়িটিকে আটক করার সঙ্গে সঙ্গে হাতেনাতে ধরা হয় ওই যুবককে।
আরও পড়ুনঃ Pakistan: পাকিস্তানে সেনাবাহিনীর উপর বিদ্রোহীদের হামলা! অপহ*রণ, হৃদরোগে মৃ*ত্যু, নিহত বালাকোট অভিযানের মেজর!
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম ইমরান হুসেন, বয়স ১৯ বছর। তিনি উত্তর দিনাজপুরের ইটাহারের বাসিন্দা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মানসিক ভারসাম্যের সমস্যা থাকতে পারে তাঁর। তবে কেন তিনি পুলিশের গাড়ি চুরি করলেন, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই মামলা রুজু করেছে প্রগতি ময়দান থানার পুলিশ।





