প্রায় দোরগোড়ায় পুজো। ঢাকে কাঠি পড়েই গিয়েছে। পাড়ায় পাড়ায় চলছে মাতৃবন্দনার প্রস্তুতি। হাতে মাত্র ২০ দিন। নানান বাজারে, শপিং মলে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। আর এর জেরে পুজোর কেনাকাটার পর বাড়ি ফিরতে বেশ অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে শহরবাসীকে।
তবে এই ভোগান্তি আর নয়। এই দুর্ভোগ থেকে রেহাই দিতেই এক বড় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ পরিবহণ দফতর। এবার শনিবার থেকে শহরে শুরু হল বিশেষ বাস পরিষেবা। পুজোর কেনাকাটার জন্য চালু হয়েছে এই বিশেষ বাসগুলি।
পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের উদ্যোগে এবার ১০ই সেপ্টেম্বর থেকেই কলকাতার রাস্তায় বেরল ‘পুজো স্পেশাল শপিং বাস’। আগামী ২৫শে সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার দিন পর্যন্ত চালু থাকবে এই বিশেষ বাস পরিষেবা। জানা যাচ্ছে, দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের রাস্তায় চলবে এই বাসগুলি। পুজোর কেনাকাটা সেরে বাড়ি ফেরার পথে এই বাসগুলি আমজনতার ভোগান্তি দূর হবে।
জানা যাচ্ছে, প্রতি শনি ও রবিবার এবং সরকারি ছুটির দিনে পরিবহণ দফতর এই অতিরিক্তি বাস চালাবে। শহরের জনপ্রিয় কেনাকাটার গন্তব্যগুলিতে এই বাসগুলি চলবে। মূলত নয়টি রুটে চলবে এই বাসগুলি। এই রুটগুলি হল এসপ্ল্যানেড থেকে হাওড়া (দিনে ছ’বার যাতায়াত করবে), এসপ্ল্যানেড-ডানলপ, শ্যামবাজার-ব্যারাকপুর কোর্ট, হাওড়া-গড়িয়াহাট, গড়িয়াহাট-পর্ণশ্রী, গড়িয়াহাট-বেহালা চৌরাস্তা (দিনে তিন বার করে)।
এই বিষয়ে এক পরিবহণ কর্তা জানান, “রুটগুলিতে বাস চালানো হচ্ছে, সেই রাস্তায় প্রচুর পরিমাণ কেনাকাটার বাজার, শপিং মল-সহ নানা জায়গা রয়েছে। বাসের রুটগুলি দেখলে যাত্রীরা সহজেই সে সব জায়গাগুলির নাম বুঝতে পারবেন”।
পশ্চিমবঙ্গ পরিবহণ দফতরের এই বিশেষ বাসগুলির ভাড়া তবে আলাদা করে বাড়ানো হয়নি। অন্যান্য সরকারি এসি ও নন-এসি বাসের মতোই এই বাসগুলির ভাড়া রাখা হয়েছে। সুতরাং, পুজোর কেনাকাটা করতে গিয়ে বাড়তি কোনও ভাড়া দিতে না হলেও বাড়তি একটি সুবিধা পাওয়াই যাবে।






