২১শে জুলাই বৃষ্টি হয়নি, এমন ঘটনা খুব কমই ঘটেছে। প্রত্যেক বছরই এই দিনটিতে যেন বৃষ্টি হয়ই। এই বছরও এমনটাই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আর মাত্র ১-২ ঘণ্টার মধ্যেই কলকাতার নানান জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, বৃহস্পতিবার কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে বলে জানা যাচ্ছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস।
জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। সে কারণেই আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির এই পূর্বাভাস। বুধবার মৌসুমী অক্ষরেখা ধানবাদ থেকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বসিরহাট হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই কারণেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
বলে রাখি, শ্রাবণ মাস পড়ে গেলেও তেমন বর্ষার মুখ দেখেনি দক্ষিণবঙ্গ। গত কয়েকদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে বটে, কিন্তু ভারী বৃষ্টি বিগত কিছুদিন ধরেই নেই শহরে। অন্যদিকে, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
এদিকে, ২১শে জুলাইয়ের সমাবেশে ভিড় জমেছে প্রচুর। এখন যদি এই বৃষ্টি হয়, তাহলে সমাবেশ ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে। এহেন পরিস্থিতিতে এই বৃষ্টি নিয়ে বেশ সংশয়ে রয়েছে তৃণমূল।





