Raja Bazar Science College: সন্ধ্যা নামলেই কলেজের ইউনিয়ন রুমে মদের আসর! অভিযুক্ত ছাত্রনেতা, ভাইরাল অন্দরমহলের ছবি!

কলেজ মানেই একঝাঁক স্বপ্ন দেখা ছাত্রছাত্রীর ভিড়। পড়াশোনা, ভবিষ্যৎ গড়ার লড়াই, নতুন কিছু শেখার ইচ্ছে—সব মিলিয়ে যেন এক পবিত্র শিক্ষা প্রতিষ্ঠান। তবে যদি সেই কলেজ চত্বরই সন্ধ্যা নামতেই রঙিন আসরে রূপ নেয়, তাহলে প্রশ্ন তো উঠবেই! এমনটাই অভিযোগ উঠছে কলকাতার এক নামী সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রাজাবাজার সায়েন্স কলেজ (Raja Bazar Science College)-এর বিরুদ্ধে। অভিযোগ, পড়াশোনার জায়গায় নাকি সন্ধ্যার পর শুরু হতো ‘পার্টি’, আর সেই ছবিই এখন ভাইরাল!

সন্ধ্যা নামলেই নাকি রাজাবাজার সায়েন্স কলেজের তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন জিএস গৌরব দত্ত মুস্তাফি কলেজের ইউনিয়ন রুমকে নিজের ‘ব্যক্তিগত ঠাঁই’ বানিয়ে ফেলতেন। কলেজেরই একাধিক সূত্রের দাবি, সেই ঘরেই নাকি বসত মদের আসর। আসত অনুগামীরা, চলত পার্টি। সব মিলিয়ে রাত পর্যন্ত চলত এই ‘রঙিন কারবার’। আর এবার সেই ঘটনার অন্দরমহলের ছবি এসে পৌঁছেছে টিভি৯ বাংলার হাতে। ফলে এই অভিযোগ আর নিছক কানাঘুষো নয়—প্রমাণ-সহ সামনে এসেছে।

তবে এই প্রথম নয়, গৌরব দত্তের বিরুদ্ধে এমন ‘দাদাগিরি’র অভিযোগ আগেও উঠেছিল। ছাত্রদের একাংশ কলেজ কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ জানিয়েছেন। জানা যাচ্ছে, বছর কয়েক আগে এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে চড় মারার মতো গুরুতর অভিযোগ উঠেছিল এই ছাত্রনেতার বিরুদ্ধে। সেই সময় কলেজ কর্তৃপক্ষ গৌরবকে দুই বছরের জন্য বহিষ্কারও করে। পরে বিষয়টি আদালতে যায়। কিছু বছর পর ফের পিএইচডিতে ভর্তি হয়ে গৌরব কলেজে ফিরে আসে। অভিযোগ, তখন থেকেই ফের শুরু হয় ‘দৌরাত্ম্য’।

যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন গৌরব নিজেই। তাঁর সাফাই, “আপনারা চাইলে যেকোনও শিক্ষক বা ছাত্রকে জিজ্ঞাসা করুন। ইউনিয়ন রুমে এরকম কিছু কোনওদিনই হয়নি। বরং ওখানে এসি থাকায় অনেক অধ্যাপকও সেখানে বসতেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেনস্থা করার চেষ্টা চলছে।”

আরও পড়ুনঃ Dilip Ghosh : অভিমান কি কাটছে বিজেপির অন্দরে? ২১ জুলাইয়ের আগে বিজেপি দপ্তরে দিলীপ ঘোষের উপস্থিতি ঘিরে জোর জল্পনা রাজনৈতিক মহলে!

একাধিক সরকারি কলেজে ছাত্র রাজনীতির নামে লাগামহীন আচরণের অভিযোগ নতুন নয়। কখনও বালুরঘাট, কখনও কসবা, এবার রাজাবাজার। প্রশ্ন উঠছে—শিক্ষার জায়গা কি তবে ধীরে ধীরে পার্টির আখড়ায় পরিণত হচ্ছে? প্রশাসন কি এদের লাগাম টানতে পারবে? এই প্রশ্নের উত্তর এখনও অধরা। তবে ছবি সামনে আসায় এবার তদন্তের দাবিও উঠছে কলেজ চত্বরেই।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles