ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাম্প্রতিক সময়ে অস্বস্তি বাড়ছে। সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে প্রশ্ন ও উদ্বেগ। প্রশাসনিক শুনানি পর্বে ঠিক কী ঘটছে, তা নিয়ে ধোঁয়াশা থেকেই ক্ষোভ জমছে বলে মত অনেকের। সেই অস্বস্তিরই প্রতিফলন দেখা গেল মঙ্গলবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে।
সন্দেশখালি ১ ব্লকের বিডিও অফিসে চলছিল SIR সংক্রান্ত শুনানি। অভিযোগ, শুনানির নামে সাধারণ মানুষকে ডেকে অযথা হয়রানি করা হচ্ছে। ওই অভিযোগকে কেন্দ্র করেই প্রথমে বিডিও অফিসের কর্মীদের সঙ্গে কয়েকজনের বচসা শুরু হয়। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে স্থানীয় সূত্রে খবর।
বিক্ষোভকারীদের দাবি, যাঁদের ডাকা হয়েছে, তাঁদের অনেকের ক্ষেত্রেই কোনও স্পষ্ট কারণ জানানো হয়নি। ইচ্ছাকৃত ভাবেই মানুষকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগও ওঠে। উত্তেজনার মধ্যেই বিডিও অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। অফিসের আসবাব ও নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ন্যাজাট থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিডিও সায়ন্তন সেন জানান, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া সম্পূর্ণভাবে নিয়ম মেনেই করা হচ্ছে এবং সাধারণ মানুষের স্বার্থেই এই শুনানি পর্ব চালানো হচ্ছে। তবে ভুল বোঝাবুঝির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে তাঁর দাবি।
আরও পড়ুনঃ West Bengal : অভিষেকের কনভয় ঘিরে স্লোগান-তাণ্ডব, বারাসাতে মারধরের অভিযোগে অস্বস্তিতে তৃণমূল
উল্লেখ্য, এর আগেও একই অভিযোগে উত্তর দিনাজপুরের চাকুলিয়া ও ফরাক্কায় বিডিও অফিসে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে। চাকুলিয়ার ঘটনায় কমিশনের কড়া অবস্থানের জেরে এফআইআর ও একাধিক গ্রেপ্তারির নজির রয়েছে। সন্দেশখালির ঘটনাও প্রশাসনের কাছে নতুন করে চ্যালেঞ্জ তৈরি করল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।





