দুর্গাপুজো মানেই শুধু ধর্মীয় উৎসব নয়, বাংলার সংস্কৃতি, আবেগ, ইতিহাস আর বর্তমানের প্রতিচ্ছবি। প্রতিবছর কলকাতার থিম পুজোগুলির মধ্যে অন্যতম চর্চিত ও জনপ্রিয় হল সন্তোষ মিত্র স্কোয়্যার বা লেবুতলা পার্কের পুজো। কখনও ইতিহাস, কখনও আধুনিকতা আবার কখনও রাজনীতি— পুজোর থিমে বারবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই মণ্ডপ। এবারও তার ব্যতিক্রম হল না। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নতুন চমকের বার্তা।
প্রতি বছরই এই পুজো পরিচিত হয় থিমে ভিন্ন স্বাদের ছোঁয়া দিয়ে। লালকেল্লা থেকে রামমন্দির কিংবা লাস ভেগাসের গ্লোব— একের পর এক চমক উপহার দিয়ে এসেছে এই পুজো। ২০২৪ সালে যেমন লাস ভেগাসের গ্লোব মণ্ডপ হয়ে উঠেছিল দর্শনার্থীদের তুমুল আকর্ষণ, তেমনই ২০২৩-এ রামমন্দির থিম ঘিরে উঠেছিল রাজনৈতিক বিতর্ক ও উন্মাদনা। ২০২২ সালে ছিল ঐতিহাসিক লালকেল্লার পুনর্নির্মাণ। তাই স্বাভাবিক ভাবেই ২০২৫ সালের থিম নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে।
শেষ পর্যন্ত বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবছরের থিমের পর্দা তুললেন পুজোর প্রধান উদ্যোক্তা তথা বিজেপি নেতা সজল ঘোষ। রবিবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি জানান, ৯০ বছরে পা দেওয়া সন্তোষ মিত্র স্কোয়্যারের এবারের থিম ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। সঙ্গে পোস্ট করেন ভারতীয় সেনার ছবিও। এই থিমের ঘোষণা মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে, আর শুরু হয় আলোচনার ঝড়।
কিন্তু কী এই ‘অপারেশন সিঁদুর’? পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পাল্টা জবাবে ৭ মে, ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক সন্ত্রাসবাদী ঘাঁটিতে হামলা চালায়। অন্তত ৯টি টার্গেট ধ্বংস করে সেনাবাহিনী। দেশজুড়ে প্রশংসিত হয় এই অভিযান। আর সেই অপারেশনকেই থিম হিসেবে তুলে ধরা হবে এবারের মণ্ডপে। অর্থাৎ, এবার মা দুর্গার সঙ্গে ভারতীয় সেনার শৌর্যের মিলন ঘটতে চলেছে কলকাতার বুকে।
আরও পড়ুনঃ Weather update : দক্ষিণবঙ্গে প্রবল গরমের পর মিলতে চলেছে স্বস্তি! জুনের মাঝামাঝি বৃষ্টির পূর্বাভাস ঘিরে আশার আলো!
তবে শুধু থিম ঘোষণা করলেই তো হয় না! এই থিম কীভাবে বাস্তবে রূপ পাবে, কতটা বাস্তবধর্মী হবে সাজসজ্জা, থাকছে কি কোনও ইন্টার্যাক্টিভ সেগমেন্ট, কিংবা সেনার বাস্তব অস্ত্র বা ভিডিও ফুটেজ? এই প্রশ্নগুলিই এখন ঘোরাফেরা করছে পুজোপ্রেমীদের মনে। প্রতি বছরের মতো এবারও ভিড় হবে উপচে পড়া বলেই মনে করছেন উদ্যোক্তারা। দেশের প্রতি শ্রদ্ধা ও পুজোর ভক্তি— দুয়ের সম্মিলনে তৈরি হওয়া এই থিম কেবল দর্শনীয়ই নয়, চিন্তনীয়ও হতে চলেছে— এমনটাই মত শিল্পী ও বিশ্লেষকদের।





