বেসরকারি স্কুলে ফি বৃদ্ধির প্রতিবাদে বিকাশ ভবনের সামনে অবস্থানে সায়ন্তন-লকেট

এবার বেসরকারি স্কুলে ফি বৃদ্ধির প্রতিবাদে আজ সকাল থেকে সল্টলেকের বিকাশ ভবনের সামনে ডঃ বিধান চন্দ্র রায়ের মূর্তির পাদদেশে অবস্থানে বসেছেন বিজেপি নেতা সায়ন্তন বসু ও হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সেইসঙ্গে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বিজেপির আরো নেতা-নেত্রীরা।

বেসরকারি স্কুলে ফি বৃদ্ধির প্রতিবাদে বিকাশ ভবনের সামনে অবস্থানে সায়ন্তন-লকেট

লকডাউন-এ গত মার্চ মাসের মাঝামাঝি থেকে বন্ধ রয়েছে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। গত তিনমাস স্কুল-কলেজ মুখো হননি কেউই। কিন্তু স্কুলের বেতন নেওয়া থেকে বিরত থাকেনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। পরীক্ষা ছাড়াই পরবর্তী ক্লাসে হয়তো উত্তীর্ণ করে দেওয়া হয়েছে কিন্তু উত্তীর্ণ হওয়া ক্লাসের পুরো টিউশন ফি নিয়েছে এই স্কুলগুলি। তার উপরে যোগ হয়েছে বিভিন্ন রকমের আরও ফি, যেমন – লাইব্রেরি, ইলেকট্রিক, কম্পিউটার, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, বইপত্র, স্টেশনারিজ ইত্যাদি।

এগুলির নাম করে স্কুল গুলি টিউশন ফি-র ওপর আরো এক থোক টাকা চাপিয়েছে। যার চাপ গিয়ে পড়েছে অভিভাবকদের ওপর। এমনিতেই লকডাউনে বেতন পাননি অনেকে। অনেকের চাকরি চলে গিয়েছে। আবার যারা বেতন পেয়েছেন তারা অনেকটাই কম পেয়েছেন। ব্যবসায়ীরাও ব্যবসায় লোকসানের মুখ দেখেছেন এই তিন মাসে। সেখানে এত টাকা স্কুলকে তারা কীভাবে দেবেন তা নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছেন পড়ুয়াদের বাবা মা রা। এই অবস্থায় কলকাতায় বেসরকারি স্কুলগুলোর কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন অভিভাবকরা। তারা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলেও অভিযোগ স্কুল কর্তৃপক্ষ তাদের কোনো কথা শোনেনি। দিন কয়েক আগে স্কুলের সামনে অবস্থান বিক্ষোভে বসেন জিডি বিড়লা স্কুলের অভিভাবকরা।

এবার এই ঘটনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেছে গেরুয়া শিবির। আজ সকালে বিকাশ ভবনের সামনে যে বিক্ষোভ অবস্থান চলছে বিজেপির সেখানে উপস্থিত রয়েছেন সায়ন্তন বসু ও লকেট চট্টোপাধ্যায় মত বিজেপির শীর্ষ নেতা নেত্রীরা। তাদের দাবি এই ব্যাপারে এবার রাজ্য সরকারকে হস্তক্ষেপ করতেই হবে। বেসরকারি স্কুলগুলি কোন রকম নিয়ম নীতি না মেনে, মানবিকতা ভুলে গিয়ে যেভাবে অভিভাবকদের উপর চাপ দিচ্ছে তা অনৈতিক বলে দাবি করেছেন বিজেপি রাজ্য নেতৃত্ব। আর এ ব্যাপারে রাজ্য সরকার এখনো কোনো পদক্ষেপ নিল না কেন এই প্রশ্নও তুলেছেন তারা। মমতা সরকার এই বিষয়ে চুপ কেন তাই নিয়েই ক্ষোভ দেখাতে শুরু করেছে বিজেপি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ই বা কী করছেন এই বিষয় নিয়ে তারা তা জানতেও খুবই আগ্রহী বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব।

এখনো পর্যন্ত চলছে সেই অবস্থান-বিক্ষোভ। এলাকায় তৈরি হয়েছে যানজট। কিন্তু নিজেদের দাবিতে অনড় রয়েছেন বিজেপি। তারা এই বেসরকারি স্কুলে ফি বৃদ্ধির নিয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ করলে তবেই তারা শান্ত হবেন বলে জানা গিয়েছে।

RELATED Articles

Leave a Comment