দফায় দফায় যাত্রী বাড়ছে। সকাল-সন্ধেয় অফিস টাইমে ঠাসাঠাসি করে কোনওরকমে উঠতে হচ্ছে ট্রেনে। বিশেষ করে বনগাঁ শাখায় ভিড় সবসময়ই মাত্রাতিরিক্ত থাকে। ফলত যাত্রার স্বস্তি তো দূর অস্ত, দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে। এই পরিস্থিতিতে যাত্রীদের রোজকার যাত্রাকে একটু মসৃণ করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Eastern Railway)। শিয়ালদা ডিভিশনের অন্তর্গত একাধিক শাখায় নতুন ট্রেন চালুর উদ্যোগ আগেই নেওয়া হয়েছিল। এবার সেই তালিকায় নাম লেখাল দমদম ক্যান্টনমেন্ট-বনগাঁ শাখাও।
মঙ্গলবার পূর্ব রেল জানিয়েছে, দমদম ক্যান্টনমেন্ট-বনগাঁ শাখায় নতুন করে চালু হচ্ছে আরও ৫টি লোকাল ট্রেন। বিশেষ এই ট্রেনগুলি ইএমইউ (EMU Special) হিসেবে চলবে। ব্যস্ত সময়ে যাত্রী চাপ সামলাতেই এই পদক্ষেপ বলে রেল সূত্রে খবর। একইসঙ্গে, চলাচল আরও বেশি নিয়মিত ও সময়মতো করাও এই সিদ্ধান্তের অন্যতম কারণ। এর আগে বালিগঞ্জ-নামখানা, বালিগঞ্জ-ক্যানিং, বালিগঞ্জ-সোনারপুর রুটে নতুন লোকাল ট্রেন চলাচল শুরু করেছে পূর্ব রেল।
নতুন ট্রেনগুলির মধ্যে প্রথমটি বনগাঁ-দমদম ক্যান্টনমেন্ট ইএমইউ স্পেশ্যাল (Bongaon to Dum Dum Cantonment), যা সকাল ৭টা ৪১ মিনিটে বনগাঁ থেকে ছাড়বে এবং সকাল ৯টা ১৬ মিনিটে পৌঁছবে দমদম ক্যান্টনমেন্ট। দ্বিতীয়টি দমদম ক্যান্টনমেন্ট-বারাসত ইএমইউ স্পেশ্যাল (Dum Dum Cantonment to Barasat), ছাড়বে সকাল ৯টা ৪৫ মিনিটে এবং পৌঁছবে ১০টা ১৫ মিনিটে।
তৃতীয় ট্রেনটি বারাসত-দমদম ক্যান্টনমেন্ট ইএমইউ স্পেশ্যাল, যেটি বিকেল ৫টা ৩৫ মিনিটে বারাসত থেকে ছাড়বে ও পৌঁছবে সন্ধ্যা ৬টায়। চতুর্থ ট্রেনটি দমদম ক্যান্টনমেন্ট-বনগাঁ ইএমইউ স্পেশ্যাল, ছাড়বে সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে এবং রাত ৮টা ১০ মিনিটে পৌঁছবে বনগাঁ।
আরও পড়ুনঃ Digha Jagannath Temple : দিঘার জগন্নাথধামে প্রথম স্নানযাত্রা! মমতার বাড়ির আম-কাঁঠালে সেজে উঠছে ভোগের থালা!
পঞ্চম এবং শেষ ট্রেনটি হচ্ছে বনগাঁ-বারাসত ইএমইউ স্পেশ্যাল। এই ট্রেনটি ছাড়বে রাত ৮টা ২০ মিনিটে বনগাঁ থেকে এবং পৌঁছবে বারাসত রাত ৯টা ২৫ মিনিটে। অর্থাৎ যাত্রীদের চলাচলের সুবিধার্থে রেল কর্তৃপক্ষ সকালে, বিকেলে ও রাতের জন্য সময়ভিত্তিক নতুন ট্রেন রেখেছে। পূর্ব রেলের এই উদ্যোগ যাত্রীদের দীর্ঘদিনের দাবি মেটাবে বলেই আশাবাদী সকলে।





