Digha Jagannath Temple : দিঘার জগন্নাথধামে প্রথম স্নানযাত্রা! মমতার বাড়ির আম-কাঁঠালে সেজে উঠছে ভোগের থালা!

দিঘার আকাশে ভেসে বেড়াচ্ছে মঙ্গলচণ্ডীর ধ্বনি, রাজপথে চলছে সাজসাজ রব। বছরের এই সময়টা জগন্নাথ ভক্তদের কাছে এক বিশেষ আবেগের, আর এ বছর সেই আবেগ যেন দ্বিগুণ! কারণ, এই প্রথমবার রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে দিঘার নতুন জগন্নাথ মন্দিরে। তার আগে, স্নানযাত্রাকে কেন্দ্র করে গোটা শহরে উৎসবের চেহারা নিয়েছে। পর্যটকদের ভিড় যেমন বাড়ছে, তেমনি ভক্তদের ভক্তিও যেন আকাশছোঁয়া।

আগামী ২৭ জুন রথযাত্রা হলেও, তার আগেই বুধবার অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী স্নানযাত্রা। এই স্নানযাত্রা উপলক্ষে দিঘার নতুন জগন্নাথধাম সেজে উঠেছে উৎসবের রঙে। গত অক্ষয় তৃতীয়ার দিনে এই মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়। আর এবারের স্নানযাত্রা ও রথযাত্রা সেই নতুন পথচলারই গুরুত্বপূর্ণ পর্ব। এর আগেই মণ্ডপ তৈরি, ভোগ প্রস্তুতি, এবং শোভাযাত্রার রূপরেখা ঠিক করা হয়ে গিয়েছে।

ভোগে থাকছে মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির পাঠানো ফল

সবচেয়ে বড় চমক এসেছে মুখ্যমন্ত্রীর দিক থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিজের বাড়ির গাছ থেকে পাড়ানো আম ও কাঁঠাল পাঠিয়েছেন ইসকনের জগন্নাথ মন্দিরে। সেই ফল দিয়েই বুধবার স্নানযাত্রার দিন ৫৬ প্রকারের ভোগ নিবেদন করা হবে ভগবান জগন্নাথকে। এই বিষয়ে ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাস জানান, “মুখ্যমন্ত্রী তাঁর বাড়ির গাছের ফল পাঠিয়েছেন, তা দিয়ে আজকের স্নানযাত্রার ভোগ হবে। এটা এক ঐতিহাসিক মুহূর্ত।”

ধার্মিক প্রথা অনুযায়ী, স্নানযাত্রার পর জগন্নাথদেব অসুস্থ হয়ে পড়বেন। সেই কারণে প্রায় ১৫ দিনের জন্য তিনি লোকচক্ষুর অন্তরালে চলে যাবেন। তাই স্নানযাত্রার দিনই শেষবারের মতো ভক্তরা পাবেন তাঁর দর্শন। সকাল ১১টা থেকে নির্ধারিত মণ্ডপে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রাজকীয় স্নান সম্পন্ন হবে। রাতে ‘গজবেশ’-এ দর্শন দেবেন জগন্নাথ, তারপরেই তিনি যাবেন বিশ্রামে।

আরও পড়ুনঃ Weather update : দক্ষিণবঙ্গে কালবৈশাখীর ইঙ্গিত! আজ থেকেই শুরু ঝড়-বৃষ্টি, বর্ষা ঢোকার সম্ভাবনা জোরালো!

আগামী ২৬ জুন ফের খুলবে মন্দিরের দরজা। ঠিক তার পরের দিন, ২৭ জুন, বিশাল রথে চড়ে মাসির বাড়ি যাবেন জগন্নাথদেব। দিঘার এই রথযাত্রা এবারই প্রথম, তাই প্রস্তুতিতে কোনও খামতি রাখছে না ইসকন। স্নানযাত্রা দিয়ে শুরু হবে সেই শুভ যাত্রা, আর মুখ্যমন্ত্রীর পাঠানো ফল যেন আরও পবিত্রতা এনে দিচ্ছে এই ঐতিহাসিক মুহূর্তে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles