রাজ্যে করোনা আক্রান্ত হয়ে এবার মৃত্যু হলো আরও এক পুলিশকর্মীর। শিয়ালদহ ট্রাফিক গার্ডের এক কন্সটেবল করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন শনিবার। কলকাতার এক সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবার তাঁর মৃত্যু হয়। এই নিয়ে করোনার জেরে পুলিশ প্রশাসনের তরফে ২ জনের মৃত্যু হলো। তাঁর মৃত্যুর পর বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ।
সূত্রের খবর, কিছুদিন আগেই ওই পুলিশকর্মীর করোনা পরীক্ষার রিপোর্ট এলে তাতে করোনার উপস্থিতি মেলে। এরপর তাঁকে শহরের একটি সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। কিন্তু দিন দিন তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটতে থাকে। শেষে শনিবার তাঁর মৃত্য হয়।
কলকাতা পুলিশের তরফে জানা গেছে, প্রয়াত পুলিশকর্মীর পরিবারের সাথে যোগাযোগ রাখা হয়েছে। যেখানে ওই ট্রাফিক কর্মী কর্মরত ছিলেন, সেই জায়গাটিকেও স্যানিটাইজ করা হচ্ছে।
এই নিয়ে করোনা আক্রান্ত হয়ে কলকাতায় ২ জন পুলিশকর্মী মারা গেলেন। এর আগে গড়ফা থানার এক কন্সটেবলের মৃত্যু হয়েছে করোনায়। এরপর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে থানা ভাঙচুর করে পুলিশকর্মীরা। তাঁদের অভিযোগ, হিমশীতল ঘরে বসে থাকা পদস্থ কর্তাদের জন্য বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা হচ্ছে। অন্যদিকে নিচুপোস্টের কর্মীদের জন্য বরাদ্দ সরকারি হাসপাতাল! কেন তাদের জীবনের দাম নেই?





