শিয়ালদহে দুই ট্রেনের ধাক্কায় ব্যাহত ট্রেন পরিষেবা, বাতিল ১৮টি লোকাল, দেরিতে চলছে সব ট্রেন, ভোগান্তি যাত্রীদের

শিয়ালদহে ট্রেন দুর্ঘটনার জেরে শিয়ালদহের বেশ কিছু শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এর জেরে ১৮টি লোকাল বাতিল করা হয়েছে। বাকি প্রায় সব ট্রেনই দেরিতে চলছে। এই ঘটনার জেরে ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের।

আজ, বুধবার দুপুরে শিয়ালদহ স্টেশনের সামান্য আগেই পাশাপাশি দু’টি ট্রেনের ধাক্কা লাগে। এর জেরে শিয়ালদহ থেকে নানান শাখায় যাওয়ার অনেক ট্রেন গন্তব্যের আগেই আটকে পড়ে। আবার শিয়ালদহে ঢোকার মুখেও থমকে যায় বেশ কিছু ট্রেন। জানা গিয়েছে, ৯ জোড়া লোকাল ট্রেন বাতিল করতে হয়েছে এই দুর্ঘটনার ফলে।

রেল সূত্রে খবর, দু’টি বেশ ক্ষতি হয়েছে। সেই কারণে ট্রেনদুটি এখনও লাইন থেকে সরানোই যায় নি। এই কারণে শিয়ালদহ ঢুকতে বা শিয়ালদহ থেকে বেরোতে পারছে না অনেক ট্রেনই। শিয়ালদহ ঢুকতে না পেরে একের পর এক ট্রেন দমদমে দাঁড়িয়ে পড়ছে বলে খবর। শিয়ালদহ শাখার অনেক স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়েছে। রেলের তরফে জানানো হয়েছে যে লাইন মেরামতির কাজ চলছে। তা শীঘ্রই শেষ করার চেষ্টা চলছে।

বলে রাখি, বুধবার দুপুর ১২টা নাগাদ শিয়ালদহ স্টেশনের কিছু আগে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে দু’টি ট্রেনে। রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, শিয়ালদহের ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে তখন একটি খালি রেক কারশেডের দিকে যাচ্ছিল। ওই একই সময় আপ রানাঘাট লোকালও বেরোচ্ছিল ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে।

রেল সূত্রের খবর, শিয়ালদহ ডিআরএম অফিস পেরিয়ে কিছুটা এগোতেই খালি রেকটি হঠাৎই রানাঘাট লোকালকে পাশ থেকে ধাক্কা দেয়। তবে সেই ধাক্কা বিশেষ জোরালো ছিল না বলেই দাবী রেলের। তারা জানিয়েছে, বিশেষ কেউ আহত হননি। ট্রেনের তেমন ক্ষতিও হয়নি। কোনও যাত্রী পড়েও যাননি বলে জানা গিয়েছে। তবে ঘটনাস্থল থেকে আসা ছবিতে দেখা গিয়েছে, কারশেডগামী ট্রেনটির চাকা খুলে গিয়েছে। রানাঘাটগামী ট্রেনটির কেবিনের দরজাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। রেললাইনেরও ক্ষতি হয়েছে।

RELATED Articles