আদিবাসী মিছিলের জের, স্তব্ধ মধ্য কলকাতা, বন্ধ একাধিক রাস্তা, কাজে বেরিয়ে নাকাল আমজনতা

আদিবাসী সংগঠনের মিছিলের জেরে অবরুদ্ধ হল হাওড়া ব্রিজ, এর ফলে ঘণ্টার পর ঘণ্টা ধরে প্রবল যানজট শহরে। বাস-গাড়ির চাকা স্তব্ধ। ফেরিঘাটেও উপচে পড়ছে ভিড়। এর জেরে রাস্তায় বেরিয়ে নাকাল অবস্থা নিত্যযাত্রীদের।

বিগত বেশ কিছুদিন ধরেই তফশিলি জনজাতির তকমার দাবী তুলে প্রতিবাদে সামিল হয়েছেন কুড়মি-মাহাতোর মতো একাধিক আদিবাসী সংগঠন। আজ, শুক্রবার রানি রাসমনি রোডে একটি সভা রয়েছে আদিবাসীদের। সেই সভাতে যোগ দিতেই নানান জেলা থেকে দলে দলে আদিবাসীরা জড়ো হন হাওড়া স্টেশনে।

হাওড়া স্টেশন থেকে মিছিল করে হাওড়া ব্রিজ ধরে তারা এগিয়ে যান রানি রাসমনি রোডের দিকে। এই মিছিলের জেরেই সকাল সকাল অবরুদ্ধ হয় হাওড়া ব্রিজ। থেমে যায় সমস্ত গাড়িঘোড়া। যানজটের সৃষ্টি হতে থাকে। মধ্য কলকাতাও স্তব্ধ হয়ে যায় এর জেরে।

এমন ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রীরা। নিজেদের কাজে যেতে হয়রানি পোহাতে হয় তাদের। হাওড়া থেকে ফেরি বা লঞ্চে উঠে বাবুঘাট চত্বরে এসেও বিপাকে পড়েন যাত্রীরা। কারণ অত্যধিক ভিড়ের কারণে লঞ্চ পরিষেবা কিছু সময় বন্ধ রাখতে হয়।

পরে লঞ্চে করে মধ্য কলকাতায় পৌঁছেও বাস বা অন্য গণপরিবহণ না থাকায় অসুবিধার মুখে পড়েন যাত্রীরা। বেলা গড়াতে ভিড় বাড়তে থাকে মেট্রোতেও। অত্যধিক ভিড়ের কারণে অনেকেই একের পর এক মেট্রো ছাড়তে থাকেন।

কলকাতার কোন কোন রাস্তা বন্ধ?

কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে সকাল ১১টা নাগাদ এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে জানানো হয়, মিছিলের জেরে ধর্মতলা ক্রসিং, গণেশচন্দ্র অ্যাভিনিউ, লেনিন সরণী, জহরলাল নেহরু রোড, রেড রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, মেয়ো রোড, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ, সিআর অ্যাভিনিউ, এসএন ব্যানার্জি রোড, হাওড়া সেতু, মহাত্মা গান্ধী রোড, স্ট্র্যান্ড রোড, পার্ক স্ট্রিট অবরুদ্ধ রয়েছে। ।

ক্ষুব্ধ নিত্যযাত্রীদের বক্তব্য, জায়গায় জায়গায় ট্র্যাফিক মোতায়েন থাকলেও তাঁদের খুব একটা সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। স্ট্র্যান্ড রোডমুখী রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প উপায়েও গন্তব্যে পৌঁছতে নাকাল হতে হয় অফিসযাত্রীদের।

এক নিত্যযাত্রীদের কথায়, “কী কারণে এই মিছিল, আমরা জানি না। কিন্তু কাজের সময়ে এ ভাবে হয়রানি হতে হলে খুব মুশকিল”। লাইনে দাঁড়িয়ে থাকা মিনি বাসের এক কন্ডাক্টরেরও দাবি, মিছিল সম্পর্কে তাঁরা অবগত ছিলেন না।

আরও অন্যান্য খবর