ডাক্তাররা বলেছিলেন, ‘সব ঠিক আছে’, কিন্তু কানের অস্ত্রোপচারের পরই মৃত্যু শিশুর, ২ চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের পরিবারের

কানের অস্ত্রোপচারের জন্য ভর্তি করা হয়েছিল হাসপাতালে। কিন্তু হাসপাতাল থেকে আর বাড়ি ফেরা হল না আট বছরের শিশুর। শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গতকাল, বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। মৃত শিশুর পরিবারের তরফে দুই চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

কী ঘটেছে ঘটনাটি?

জানা গিয়েছে, মৃত ওই শিশু বর্ধমান ১ নম্বর ব্লকের তালিত গ্রামের বাসিন্দা। গত দুই বছর ধরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগে ওই শিশুর কানের চিকিৎসা চলছিল। গত ২২শে সেপ্টেম্বর কানের অস্ত্রোপচারের জন্য ওই শিশুকে ভর্তি করা হয় ওই হাসপাতালে। গত মঙ্গলবার অস্ত্রোপচার হয় ওই শিশুর।

পরিবার সূত্রে খবর, সেদিন দুপুর ২ টো থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে চলে অস্ত্রোপচার। চিকিৎসকেরা ওই শিশুর পরিবারকে জানান, তাদের মেয়ে ঠিক আছে, জ্ঞান ফিরলেই দেখতে দেওয়া হবে। কিন্তু অস্ত্রোপচারের দীর্ঘক্ষণ পরও জ্ঞান ফেরেনি শিশুর। দেখা করতে চাইলেও শিশুর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি পরিবারকে। এরপর শিশুটিকে প্রথমে আইসিইউ ও পরে শিশুর বিভাগে স্থানান্তরিত করা হয়। কিন্তু বুধবার রাত ২টো নাগাদ পরিবারকে জানানো হয় যে শিশুটির মৃত্যু হয়েছে।

এরপরই এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল, বৃহস্পতিবার থেকেই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। চিকিৎসকদের শাস্তির দাবিতে পরিবারের লোকজন হাতে প্ল্যাকার্ড নিয়ে হাসপাতাল সুপার অফিসের সামনে বিক্ষোভে দেখায়। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই মৃত্যু হয়েছে ওই শিশুর। এই ঘটনায় দুই চিকিৎসকের নাম ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

কী জানাল শিশুর বাবা?

মৃত শিশুর বাবার কথায়, “অস্ত্রোপচারের পর মেয়ে কেমন আছে জানতে চাইলে আমাদের কিছু জানানো হয়নি। আমাদের কার্যত অন্ধকারে রেখে প্রথমে আই সি ইউ পরে শিশু বিভাগে স্থানান্তর করা হয়। তার পর জানানো হয়েছে, মেয়ে মারা গেছে। আমরা ওই দুই চিকিৎসকের উপযুক্ত শাস্তি চাইছি”।

কী প্রতিক্রিয়া হাসপাতাল কর্তৃপক্ষের?

এই ঘটনায় হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, “এখনও কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মৌখিক অভিযোগের ভিত্তিতে দেহটি ময়নাতদন্তের জন্য বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে”।

RELATED Articles