অভিনব উদ্যোগ রেলের! আর ছোটো বাচ্চাকে নিয়ে ট্রেন সফরে কষ্ট নয়, এবার মায়ের বার্থের পাশে যোগ হল ‘বেবি বার্থ’

সাম্প্রতিককালে ট্রেনে নানান ধরণের নানান নতুন নতুন সংস্কার এনেছে ভারতীয় রেল। দূরপাল্লার ট্রেনের রেক বদলানো হয়েছে। জানলা বদলানো হয়েছে সঙ্গে বার্থকেও নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। এবার এক অভিনব ব্যবস্থা শুরু করল ভারতীয় রেল। এবার লোয়ার বার্থের সঙ্গেই যোগ করা হল একফালি ছোট্ট বার্থ।

অনেক সময়ই দূরপাল্লার ট্রেনের বাচ্চাকে নিয়ে সফর করতে বেশ বেগ পেতে হয় মায়েদের। বিশেষ করে ঘুমনোর সময় বেশ সমস্যা হয়। বাচ্চা যদি আলাদা বার্থে শোওয়ার মতো বড় না হয়, তাহলে বাচ্চাকে নিজের কাছে নিয়েই শুতে হয় মায়েদের। এর জেরে সিট থেকে বাচ্চাদের পড়ে যাওয়ার ভয় থাকে আর শুতেও কষ্ট হয়।

একথা মাথায় রেখেই এবার এক নয়া উদ্যোগ নিল ভারতীয় রেল। ট্রেনের নিচের বার্থের সঙ্গে জুড়ে দেওয়া হল একটি ছোটো বার্থ। সেই ছোটো বার্থে বাচ্চাকে শোয়াতে পারবেন মায়েরা। গত রবিবার থেকেই এই নতুন নিয়ম চালু হয়েছে। তবে আপাতত লখনউ রেলওয়ের তরফেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কেমন এই ছোটো বার্থগুলি?

জানা গিয়েছে, এই বেবি বার্থগুলি ৭৭০ মিলিমিটার অর্থাৎ তিন ফুট মতো লম্বা, ২৫৫ মিলিমিটার মানে প্রায় এক ফুট চওড়া। মায়ের পাশে বাচ্চাকে নিয়ে শোয়া যাবে ভালভাবেই। বাচ্চারা যাতে পড়ে না যায় তার জন্য বার্থের সঙ্গে একটি স্টপারও জুড়ে দেওয়া হয়েছে। বার্থটি ভাঁজ করেও রাখা যায়। প্রয়োজন অনুযায়ী এই সিট নামানো বা ওঠানো যাবে।

রেলের টিকিট বুকিং ব্যবস্থাতেও আগামী দিনে বেশ কিছু বদল আসতে চলেছে। বেবি বার্থ-সহ টিকিট বুকিংয়ের ব্যবস্থা থাকবে এবার থেকে। আপাতত শুধুমাত্র এসি টু ও থ্রি টায়ারেই এই বেবি বার্থের ব্যবস্থা চালু করা হয়েছে। একটি ট্রেনের একটি বগিতেই এই বার্থ ইন্সটল করা হয়েছে এখনও পর্যন্ত। এই ব্যবস্থার ফিডব্যাক দেখে পরবর্তীতে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

আরও অন্যান্য খবর