দক্ষিণ দমদমে পরপর কামড়ের ঘটনায় ‘কালু-পাপা’দের সরানোর পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদন, বরানগর: দক্ষিণ দমদম পুরসভার পরিচিত মুখ ‘কালু’ ও ‘পাপা’। শহরবাসী ও পুরকর্মীরা এই কুকুরদুটিকে বেশ ভালো করেই চেনেন। অনেকেই তাঁদের প্রতি গভীর মমতা পোষণ করেন। প্রতিদিন কেক, বিস্কুট, রুটি আর দুপুরে মুরগির মাংস—এমনভাবেই চলে তাদের খাওয়া। যদিও মাঝে মধ্যে পুরসভার বিভিন্ন জিনিসপত্র নষ্ট করলেও তেমন কড়া শাস্তি তাদের কখনওই দেওয়া হয়নি। বরং পুরকর্মীদের স্নেহেই তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

তবে সম্প্রতি পরিস্থিতি বদলেছে। পুরকর্মীদের একের পর এক কামড়ানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার জনস্বাস্থ্য বিভাগের এক কর্মী সহ আরও কয়েকজন কর্মী ও সাধারণ মানুষকে কামড়েছে এই কুকুরেরা। এরপরই সাতটি কুকুরকে অন্যত্র সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

দক্ষিণ দমদম পুরসভার নিচতলার প্রবেশপথে অফিস, ক্যান্টিন ও লিফটের আশেপাশে ঘোরাফেরা করে এই সাতটি কুকুর। তাদের মধ্যে সবচেয়ে বড় ও পুরোনো কুকুরটি ‘কালু পাপা’, তার সঙ্গী ‘লালি’। তাদের সাতটি বাচ্চার মধ্যে দু’টি ইতিমধ্যেই পথ দুর্ঘটনায় মারা গেছে। বেঁচে থাকা পাঁচটির নাম যথাক্রমে দুষ্টু, ভদু বাচ্চা (মোটা), সুন্দরী, পচা ও ঘণ্টা। ঘণ্টাই দলের একমাত্র পুরুষ সন্তান।

এই কুকুরগুলোর আচরণ প্রায়ই অস্থির থাকে। হঠাৎ খ্যাঁক করে ওঠা, অফিসে ঢুকে নথি নষ্ট করা, গাড়ির তার কেটে দেওয়া—এরকম নানা ঘটনা বারবার ঘটেছে। যদিও এর আগেও তাদের সরানো নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু পশুপ্রেমী কাউন্সিলর ও কর্মীদের আবেগে তা থেমে গেছে।

তবে এবারের ঘটনা একটু অন্যরকম। পুরসভার অস্থায়ী কর্মী অনুরাধা প্যাটেল যিনি এতদিন কুকুরগুলোর দেখভাল করতেন, তাঁকেও স্থানান্তর করে পাঠানো হয়েছে ১১ নম্বর ওয়ার্ডে। এই ঘটনার পরই কুকুর সরানোর বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে।

আরও পড়ুনঃ China Strategy: তিন দেশ একসাথে! বাংলাদেশকে সামনে রেখেই ভারতকে ঘিরতে চাইছে চিন-পাকিস্তান!

পুরসভার জল বিভাগের সিআইসি ও পশুপ্রেমী মৃন্ময় দাস বলেন, “পুরসভা থেকে কুকুর সরানো নিয়ে আলোচনা হয়েছে। আমি বিকল্প প্রস্তাব হিসেবে অফিস টাইমে কুকুরগুলিকে খাঁচাবন্দি করে রাখা বা পাশের হাসপাতালের সামনে পার্কিং এলাকায় স্থানান্তর করার পরামর্শ দিয়েছি। অনুরাধা প্যাটেলকে পুনরায় পুরসভায় ফিরিয়ে আনার অনুরোধও জানিয়েছি।” এখন দেখার, পুরসভা আদৌ কালু-পাপাদের সরায়, নাকি আবার আবেগের কাছে হার মানে প্রশাসনিক সিদ্ধান্ত।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর